বড় পরীক্ষার সামনে নিউজিল্যান্ড

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২০:৪৯
আগেই সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, প্রথম টেস্টে এগিয়ে থেকেই ড্র করেছে স্বাগতিকরা। আর এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে তার দল। আর প্রথম ম্যাচে দারুণ চ্যালেঞ্জের মুখোমুখি হবার পর এই টেস্টকেও বড় এক পরীক্ষা হিসেবেই দেখছেন সফরকারী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আগের দুইদিন সকাল বেলা অনুশীলন করলেও গতকাল রবিবার দুপুরের পর অনুশীলনে আসে নিউজিল্যান্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। আমরা দেখেছি এই কন্ডিশনে বাংলাদেশ অনেক কঠিন প্রতিপক্ষ। চট্টগ্রামে দারুণ ম্যাচ হয়েছিল। দুই দলই তাদের নিজস্ব দক্ষতা দেখিয়েছে। আমাদের মতো তারাও সুযোগের অপেক্ষায় ছিল। আমরা জানি, টেস্ট ম্যাচ বড় ধরনের পরীক্ষাই রয়েছে। যদিও আমরা ফলাফলই প্রত্যাশা করছি। আমাদের সিরিজ জিততেই হবে। এমনই প্রত্যাশা আমাদের উপর। আর এই ম্যাচ সেই সুযোগ করে দিচ্ছে।’ প্রথম টেস্টে উইকেটের সহায়তা না থাকার পরও সোহাগ গাজীসহ বাংলাদেশের স্পিনারদের সামনে ভালই ভুগতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। সেই কথা মাথায় রেখেই তিনি বলেন, ‘বাংলাদেশ, শ্রীলংকা ও ভারত সফরে স্পিনারদের সামলানোই বড় কাজ হয়ে পড়ে। এখানে অনেক স্পিনার। তাদের খেলাও বড় কাজ। বাংলাদেশের স্পিনাররা অনেক দক্ষ। তারা খুব ভালো বল করে। চট্টগ্রামেও ভালো বোলিং করেছে। আমরা জানি, স্পিনাররা আমাদের অনেক চ্যালেঞ্জের মুখে ফেলবে।’ চট্টগ্রাম টেস্টে দারুণ পারফরম্যান্সের পর ঢাকা টেস্টে ঘুরে ফিরেই আসছে সোহাগ গাজীর প্রসঙ্গ। ১৩৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের রেকর্ড গড়া এই তারকার ব্যাপারে ম্যাককালাম বলেন, ‘অবশ্যই তাকে নিয়ে পরিকল্পনা রয়েছে। সে চট্টগ্রামে অসাধারণ বোলিং করেছে। সবার জন্যই আলাদা আলাদা প্ল্যান নিয়েই আমরা খেলতে নামবো।’ সবমিলিয়ে মিরপুর টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশাই করছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘শেষ ম্যাচটা খুব ক্লোজ ছিল। এখানেও তার ব্যতিক্রম নয়। আমরা জানি বাংলাদেশ আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।’ প্রথম ম্যাচের দল থেকে মিরপুর টেস্টের দলে কোন পরিবর্তন আনা হবে কি না?- এমন এক প্রশ্নের উত্তরে কিউই অধিনায়ক বলেন, ‘অনেক সময় উইকেট দেখে ব্যালান্সড দল গড়তে পেসার ও স্পিনারদের মধ্যে সমন্বয় করতে হয়। অনেক সময় এটি টেস্ট ম্যাচে বড় ভূমিকা রাখে। আমরা ম্যাচটা জয়ের জন্যই খেলবো। তাই ভালো দল গড়তে আমাদের সব ধরনের সুযোগ নিয়েই ভাবতে হবে।’ প্রায় ১১ মাস পর মিরপুরের হোম অব ক্রিকেটে হচ্ছে টেস্ট ম্যাচ, তার উপর নতুন উইকেট। আর নতুন উইকেটের আচরণ নিয়েও ধোয়াশার মধ্যে আছে দুইদলই। উইকেটের ব্যাপারে ম্যাককালাম বলেন, ‘আমি উইকেট দেখিনি। সোজা সংবাদ সম্মেলনে আসলাম। অবশ্যই অনুশীলনের পর উইকেট দেখবো। এবং আশা করছি চট্টগ্রামের মতোই উইকেট হবে। সঙ্গে পেস ও বাউন্স থাকবে। আর এই কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে খেলা সত্যিই চ্যালেঞ্জের।’