সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেলকে শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান কোচ হতে পারেন। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) একটি সূত্র জানিয়েছে, সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত চ্যাপেলকে পাওয়ার জোরালো সম্ভাবনা থাকার কারণেই মূলত আবেদনের সময় এ মাসের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও ভারতের কোচ থাকাকালীন চ্যাপেলের সময়টা ভাল যায়নি। ভারতের সেসময়কার অধিনায়ক সৌরভ গাঙ্গুলিসহ দলের কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে তার বনিবনার ঘাটতির কথা সবারই জানা। চ্যাপেল ছাড়াও সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকায় আছেন আরো দুই অস্ট্রেলিয়ান শেন ডাফ এবং স্বল্প পরিচিত মাইকেল ও’সুলিভানও রয়েছেন। অন্যদের মধ্যে আছেন তিন ভারতীয় ভেংকটেশ প্রাসাদ, লালচাদ রাজপুত এবং মোহিত সোনি। ইংলিশদের মধ্যে রয়েছেন ইতোপূর্বে শ্রীলংকা দলের সহকারি কোচের দায়িত্ব পালন করা পল ফ্যারব্রেচ এবং ইয়ান পন্ট। লংকানদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক ও ওপেনিং ব্যাটসম্যান মারভান আতাপাত্তু, এ দলের কোচ রমেশ কালুভিথারানা এবং জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কালপাগে।
