টু কি টা কি

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২০:৫০
টস ভাগ্য টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে সাংবাদিকদের অনেক প্রশ্নের একটি ছিল, ‘টস নিয়ে আপনার পরিকল্পনা কি?’ একটু স্বভাববিরোধী হাস্যরস করেই মুশফিক উত্তর দিলেন, ‘হ্যাঁ টস অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমার টস ভাগ্য খুব একটা ভাল না। আশা করছি আজকে রাতের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে ... (হাসি)।’ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টেও টস জিততে পারেনি বাংলাদেশ। কখনও বৃষ্টি, কখনও রোদ রোদ ঝলমলে দিনের আভাস দিয়েই শুরু হয়েছিল গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন। কিন্তু সময়ের সাথে সাথে সকালের পূর্বাভাস বৃদ্ধাঙ্গুলি দেখাতে সময় নিলো না প্রকৃতি। সকাল সাড়ে এগারোটার দিকে শুরু হলো তুমুল বৃষ্টি। ৩০ মিনিট যেতে না যেতেই আউট ফিল্ড দেখে আর বোঝার উপায় ছিল না যে এখানেই আজ শুরু হবে টেস্ট। খানিকবাদে আবার সেই রোদ। আবহাওয়া রিপোর্ট বলছে, আজ ও আগামীকালও বৃষ্টি হতে পারে। এমনকি ম্যাচের তৃতীয় দিনে ভারি বৃষ্টিও হতে পারে। অর্থাত্, প্রকৃতির চোখ রাঙানি নিয়েই আজ শুরু হচ্ছে মিরপুর টেস্ট। নিশ্ছিদ্র নিরাপত্তা বিদেশি দলগুলোর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা নতুন কোন ঘটনা নয়। সফরকারী নিউজিল্যান্ড দলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। মাঝে টিম বাস আর সামনে পিছনে দুটি করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর দুটি গাড়ি; এভাবেই প্রতিদিন হোটেল থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়া আসা করে ব্রেন্ডন ম্যাককালামের দল। আর ঈদের ছুটি শেষ হয়ে গেলেও রাস্তাঘাট এখনও প্রায় যানজট বিহীন। তাই সড়কপথে নির্বিঘ্নেই চলছে কিউইদের যাতায়াত।