আর্সেনাল ও চেলসি গত শনিবার রাতে একতরফা খেলায় জিতে শুধু ইংলিশ লিগের প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়ন্স লিগের খেলার জন্য ভাল প্রস্তুতি নিয়েছে। অপরদিকে সাউদাম্পটনের সাথে ড্রয়ের কারণে শিরোপাধারী ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশ করা মৌসুম অব্যাহত থাকে এদিনও। কেননা শীর্ষে থাকা আর্সেনালের চাইতে আট পয়েন্টে পিছিয়ে পড়ায় চাপ আরো বাড়লো ম্যান ইউ কোচ ডেভিড ময়েসের। প্রিমিয়ারশিপের অপর দুই গুরত্বপূর্ণ খেলায় ম্যানচেস্টার সিটি অনায়াস জয় পেলেও ড্রয়ে বাধ্য হয়েছে লিভারপুল।
ম্যানচেস্টার ইউনাইটেডের আদনান জানুজাজ ২৬ মিনিটে খেলার প্রথম গোলটির উত্স রটে দিয়ে ক্লাবটির সাথে পাঁচ বছরের নতুন চুক্তি উদযাপন করেন। তার দুর্দান্ত থ্রু থেকে বল পেয়ে ওয়েন রুনি শট নিলেও বিপক্ষ গোলরক্ষক তা রুখে দেন; কিন্তু অদূরেই দাঁড়ানো রবিন ভন পার্সি ফিরতি শটে তা জালে পাঠান।
রুনি ও পার্সি এরপরও কয়েকবার ক্রসবারে বল লাগান; কিন্তু খেলা শেষ হওয়ার এক মিনিট আগে গোলটি শোধ করে দেয় সাউদাম্পটন। এ ড্রয়ে চাপ আরো বাড়লো ম্যান ইউ কোচ ডেভিড ময়েসের।
আর্সেনাল আত্মবিশ্বাসের সাথে খেলেই নিজেদের মাঠে নরউইচ সিটিকে ৪-১ গোলে পরাজিত করেছে। এতে দুই গোল ছিল রিয়াল মাদ্রিদ ক্লাবের রেকর্ড ছয় কোটি ৮০ লাখ পাউন্ডে কেনা মেসুত ওজিলের। জার্মান খেলোয়াড়টির এই প্রথম ইংলিশ লিগে গোলের খাতা খুললেন। ২০০৫ সালের পর আর কোন ট্রফি না জেতা গানার্সদের হয়ে এদিন জ্যাক উইলশেয়ার ও বদলি খেলোয়াড় অ্যারন রামসে দুর্দান্ত দুইটি গোল করে সমর্থকদের শিরোপা জয়ের আশায় অনুপ্রেরণা জোগান।
টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘কয়েক সপ্তাহ আগে আমরা নিজেদের মাঠে প্রথম খেলাটিতে (অ্যাস্টন ভিলা) হেরেছিলাম। এটা ছিল কঠিন সময়। তবে আমরা ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছি এবং এরপর থেকে ধারাবাহিকভাবে ভাল খেলছি। আমি দলের সংহতিতে বিশ্বাস করি। অবশ্যই আমাদের যোগ্যতা আছে। তবে আমরা কতটা এটা অব্যাহত রাখতে পারছি তার উপর নির্ভর করবে ভবিষ্যত্।’
এদিকে চেলসি পিছিয়ে পড়েও নিজের মাঠে কার্ডিফ সিটির বিরুদ্ধে ৪-১ গোলে জিতে লিভারপুলকে দ্বিতীয় স্থান থেকে হঠিয়ে দেয়। চেলসি রক্ষণভাগের ভুলেই প্রিমিয়ারশিপে নবাগত দলটি ১০ মিনিটে এগিয়ে যায়। হোসে মরিনহোর দল ৩৩ মিনিটে বিতর্কিত গোলে সমতা আনে। স্যামুয়েল ইতো বিপক্ষের গোলরক্ষকের জিম্মা থেকে বল কেড়ে নিয়ে তা বাড়ালে ইডেন হ্যাজার্ড জালে পাঠান। এরপর ইতো নিজে প্রথমবারের মতো চেলসির হয়ে গোল করেন ৬৬ মিনিটে, মরিনহো নিজে রেফারির সাথে বচসা করায় গ্যালারিতে বহিষ্কৃত হন এবং অস্কার ও হ্যাজার্ড আরো দুই গোল দেন। এ জয়ে চেলসি দ্বিতীয় স্থানে উঠে এসে আর্সেনালের সাথে দুই পয়েন্টের ব্যবধান গড়ে নিল।
ম্যানচেস্টার সিটি এই রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে জিতে শীর্ষ চারের মধ্যে ঠাঁই নেয়। বিরতির আগে-পরে দুইটি গোল দেন সের্জিও অ্যাগুয়েরো। অপর দুইটি আসে ডেভিড সিলভা ও রিকার্ডো ভাজের কাছ থেকে।
লিভারপুল এই রাতে দুই দফায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১০ জনের নিউক্যাসলের কাছ থেকে এক পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে।
