বোনম্যারো ট্রান্সপ্লান্ট পাঁচ লাখ টাকায়

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৫৪
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) দেশের প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট স্থাপন করা হয়েছে। এই ইউনিটের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া ও সংশ্লিষ্ট রোগীদের চিকিত্সা সেবা দেয়া হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. অধ্যাপক আ ফ ম রুহুল হক রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এর দশম তলায় এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডিএমসিএইচ-২ এর কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক বলেন, দীর্ঘদিনের স্বপ্ন, পরিকল্পনা ও প্রস্তুতির মধ্য দিয়ে আজ এই বোনম্যারো ট্রান্সপ্ল¬ান্ট ইউনিট স্থাপন করা হয়েছে। হাসপাতালের চিকিত্সক, বিশেষজ্ঞ চিকিত্সক ও প্রশাসনের সদিচ্ছা ও অক্লান্ত শ্রমের ফসল হিসাবে এই ইউনিটটি প্রতিষ্ঠা করা সম্ভব হলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্ল¬াহ, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল¬ান্ট বিশেষজ্ঞ ডা. বিমলাংশু দে এবং ডিএমসিএইচ-এর হেমাটোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ খান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্বয়ংসম্পূর্ণ ইউনিট হিসাবে গড়ে তোলার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল¬ান্ট ইউনিটের চিকিত্সক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাকোলজিস্ট প্রত্যেককে গত দুই বছর যাবত্ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর থেকে বিশেষায়িত প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও ইউনিটটি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা গ্রহণ করা হয়েছে। তিনি এই ইউনিটের কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নেয়ার জন্য এবং রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিটের প্রত্যেক চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীকে একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অংশ হিসাবে এ উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে দেশের দরিদ্র জনগোষ্ঠী যাদের এই দূরারোগ্য ব্যধির চিকিত্সা করার জন্য বিদেশ যাওয়ার সামর্থ্য নেই তারা নিজ দেশেই এই চিকিত্সা সেবা পাবেন। ডিএমসিএইচ-এর বোনম্যারো ইউনিট ঘুরে দেখা যায়, সেখানে অত্যন্ত আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে চিকিত্সা প্রদানের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫ টি কেবিনে রোগীদের চিকিত্সা দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ইউনিটের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে মাত্র ৫ লাখ টাকা ব্যয়ে একজন রোগীর বোনম্যারো ট্রান্সপ্ল¬ান্ট করা সম্ভব। যেখানে যুক্তরাষ্ট্রে এই খরচ এক কোটি, সিঙ্গাপুরে ৫০ লাখের বেশি ও ভারতে ৪০ লাখ টাকা। উল্লে¬খ্য, গত ১৭ অক্টোবর থেকে ডিএমসিএইচ-এর বোনম্যারো ইউনিটে রোগীদের রক্তের ‘স্টেম সেল’ সংগ্রহ শুরু হয়েছে। সূত্র জানায়, বর্তমানে এই ইউনিটে ৮ জন বিশেষজ্ঞ চিকিত্সক, ১০ জন ট্রেইনি চিকিত্সক, নার্স, টেকনিশিয়ান ও সাপোর্টিং স্টাফসহ প্রায় ৫০ জন কর্মকর্তা -কর্মচারী চিকিত্সা সেবা দেবেন।