শেয়ারবাজারে গত তিন কার্যদিবস ধরে টানা দরপতন হচ্ছে। তাছাড়া কয়েক সপ্তাহ ধরেই দরপতন চলছে থেকে থেকেই। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৪ হাজার ২০০ পয়েন্ট থেকে নেমে ৩ হাজার ৭৬৩ পয়েন্টে নেমে এসেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কা তীব্র হয়ে উঠায় বাজারে সূচক পড়ছে অব্যাহতভাবে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক কমলেও প্রায় অপরিবর্তিতই রয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ১১ লাখ ৬৩ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস ও জিলবাংলা সুগার মিলসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি দুটি বিগত ১৪ বছর ধরে বিনিয়োগকারীদের কোনো রকম লভ্যাংশ প্রদান করেনি। জানা যায়, শ্যামপুর সুগার মিলস কোম্পানির নো-ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অন্যদিকে জিলবাংলা সুগার মিলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৩) কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২০ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০০১ টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং ০.৫৭ টাকা। এছাড়া চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০১৩) কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৯৩ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ১.৩৩ টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫০৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার এবং ৩.৪৫ টাকা।
