দিন শেষে ব্ল্যাক ক্যাপদের স্বস্তি

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:১০
দিনে খেলা হয়েছে প্রায় ৫৫ ওভার। তাতে ২২৮ রানের বিনিময়ে স্বাগতিকদের পাঁচ উইকেট তুলে নেয়ার পর স্বাভাবিক ভাবেই স্বস্তিতে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে গতকাল রবিবার সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন দলটির সদস্য রস টেলর। বৃষ্টির কারণে এক সেশন আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। শেষ সেশনে ভেঙে পড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আউট হয়ে ফিরে গেছেন মমিনুল হক, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। শেষের এই ধসেই এগিয়ে গেছে ব্ল্যাক ক্যাপরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি টেস্টের প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে এসে রস টেলরও এমনটাই বললেন, ‘শেষ সেশনটা আমাদের জন্য ভাল ছিল। আমাদের বোলাররা তিনটি উইকেট তুলে নিয়েছে। মূলত এর ফলেই আমরা ম্যাচে এখন পর্যন্ত এগিয়ে আছি। ম্যাচের এখন যা অবস্থা তাতে আগামীকাল (আজ) বাংলাদেশই চাপে থাকবে।’ টেলর এখনই টেস্টের জয় পরাজয় নিয়ে ভাবতে চাইছেন না, ‘মাত্র একদিন খেলা হলো। এখনও অনেক সময় বাকি। তাই ম্যাচের ফলাফল নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে, আমার জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করবো।’ টেস্টের দ্বিতীয়দিনে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) দ্রুতই ওদের সবগুলো উইকেট ফেলে দিতে হবে। দ্বিতীয় নতুন বল পাওয়ার আগেই এমনটা করতে পারলে ম্যাচে আমাদের যথেষ্ট সুযোগ থাকবে।’ চট্টগ্রাম টেস্টে উইকেট থেকে বোলাররা খুব বেশি সুবিধা পাননি- এই কথা বারবারই বলে আসছিলেন নিউজিল্যান্ড দলের সবাই। মিরপুর স্টেডিয়ামের উইকেটের প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে এখানকার উইকেটের অনেক পার্থক্য। এটা আরও শুকনা। স্পিনাররা এই পিচে ভাল বল করবে। আর পেসারদের জন্যও অনেক সুইং আর বাউন্স আছে।’ সিরিজে প্রথমবারের মতো মাঠে নেমেই দুই উইকেট পেয়েছেন সফরকারী বোলার নেইল ওয়াগনার। তার বলেই আউট হয়ে ফিরেছেন বাংলাদেশের মার্শাল আইয়ুব ও তামিম ইকবাল। এই পেসারের প্রশংসা করে টেলর বলেন, ‘হ্যাঁ নেইল (ওয়াগনার) ভাল বল করেছে। ও প্রথম টেস্টের দলে ছিল না। তাই এই টেস্টটাকে সে নিজেকে প্রমাণের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখেছে। আর প্রথমদিন শেষে ও সেই চ্যালেঞ্জ উের গেছে। উইকেটের বাউন্স আর সুইংকে কাজে লাগিয়েছে সে। সব মিলিয়ে তার বোলিং দলের জন্য বেশ কার্যকর হয়েছে।’ গোটা দিনে হাত খুলে ব্যাটিং করা বাংলাদেশ ওভার প্রতি ৪.১৭ হারে রান তুলেছে। পাঁচটি উইকেট পেলেও রান কি একটু বেশি হয়ে গেল না? এমন এক প্রশ্নের জবাবে রস টেলর বলেন, ‘হ্যাঁ রান একটু বেশি হয়েছে। এখানকার কুইক আউট ফিল্ড কাজে লাগিয়েছে ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। তারা ভাল ব্যাট করেছে।’ নেইল ওয়াগনারের বলে আউট হবার আগে তামিম করেছেন ৯৫ রান। তবে এরও আগে আউট হয়ে ফিরে যেতে পারতেন তিনি, হননি অতিথি ফিল্ডারদের ব্যর্থতায়। ব্যক্তিগত ৫ ও ১২ রানে দুবার তামিমের ক্যাচ ফেলে দেন তারা। রস টেলর বলেন, ‘হ্যাঁ এটা অবশ্যই আমাদের ব্যর্থতা। আমাদের আগেই তামিমকে আউট করে ফেলা উচিত ছিল।’