শিরোপা জিতেই মৌসুম শেষ করতে চান সেরেনা

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:২৫
দুটি গ্র্যান্ডস্ল্যামসহ দশটি শিরোপা। সবচেয়ে বেশি বয়সে র্যাঙ্কিংয়ের চূড়ায় আরোহনের রেকর্ড এবং প্রাইজমানির দিক থেকে পাঁচ কোটি ডলারের মাইলফলক পেরোনো। চলতি বছরে এতোসব অর্জনের পরেও ২০১৩ মৌসুমে নিজের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশ সেরেনা উইলিয়ামস! ওপেন যুগের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় হবার দৌড়ে মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্টকে পেছনে ফেলতে না পারাতেই বুঝি সেরেনার এই হতাশা। আগামী মৌসুমে এই লক্ষ্যের পিছু ধাওয়া করার আগে ইস্তাম্বুল ওপেনে শিরোপা জিতেই এবছর শেষ করতে চান এই আমেরিকান। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সেরেনা ছাড়াও থাকছেন মহিলা টেনিসের শীর্ষ তারকারা। বিশ্ব টেনিস ইতিহাসে মহিলাদের বিভাগে ২২টি গ্র্যান্ডস্ল¬্যাম জিতে এখন পর্যন্ত অনন্য এক রেকর্ডের মালিক হয়ে আছেন জার্মান তারকা স্টেফিগ্রাফ। আর ১৮টি করে অর্জন করে তার পরের অবস্থানে আছেন দুই মার্কিন তারকা মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্ট। বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অপর মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস ১৭টি গ্র্যান্ডস্ল¬্যাম শিরোপা দখল করে অতীতের রেকর্ডের কাছাকাছি চলে এসেছেন। আর তার ভাবনায় যে রেকর্ড ভাঙ্গার বিষয়টি যে ক্রমেই ডালপালা মেলছে সেটা মোটেই অস্বীকার করেননি সদ্যই ৩২-এ পা রাখা সেরেনা, ‘এমন কিছুর (রেকর্ড) সম্ভাবনায় আমি সত্যিই উত্তেজিত।’ এদিকে তুরস্কের রাজধানী শহরে বছরের শেষ ডব্লি¬উটিএ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে সেরেনা এরই মধ্যে পা রেখেছেন সেখানে। পুরো মৌসুমে মাত্র চারটি ম্যাচ হারা সেরেনাকে ইস্তাম্বুলে শিরোপা বঞ্চিত করাটা যে মোটেই সহজ হবে না সেটা বুঝতে পারছেন প্রায় বছর জুড়েই র্যাঙ্কিংয়ের তার পরের জায়গাটি দখল করে রাখা ভিক্টোরিয়া আজারেঙ্কাও। এই বেলারুশ তারকা বলেন, ‘কোন সন্দেহ নেই সে সর্বকালের সেরা হিসেবেই হয়তো শেষ করবে। মাত্র গতমাসেই ইউএস ওপেনের ফাইনালে মহিলা টেনিসে গত ৩০ বছরে সময়ের বিচারে সবচেয়ে দীর্ঘ ফাইনালে সেরেনার কাছে হারা আজারেঙ্কা আরো বলেন, ‘সে এখনো শেষ হয়ে যায়নি। তার বিরুদ্ধে খেলতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে। কারণ সে আপনার বিরুদ্ধে ঝুঁকি নিয়েই খেলবে।’ চলতি বছর সেরেনাকে দুই বার হারালেও আজারেঙ্কার ফর্মটা এই মুহূর্তে মোটেই ভালো যাচ্ছে না। টোকিও ওপেনের দ্বিতীয় রাউন্ডেই অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করার পর বেইজিং ওপেনেও আজারেঙ্কা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। দুটি গ্রুপে বিভক্ত হয়ে বিশ্বের সেরা খেলোয়াড়রা ইস্তাম্বুুলে লড়াইয়ে নামবেন। রেড গ্রুপে রয়েছেন সেরেনা, আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা, পেট্রা কেভিতোভা এবং এ্যাঞ্জেলিক কারবার। আর হোয়াইট গ্রুপে রয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, লি না, সারা ইরানি ও হেলেনা ইয়ানকোভিচ।