তিন সপ্তাহের বিরতি শেষে আজ মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে আবারো মাঠে নামছে বিশ্বের সেরা ক্লাবগুলো। এ রাতে খেলা হবে ‘ই’, ‘জি’ ও এইচ গ্রুপের খেলা। যার মধ্যে আর্সেনাল-বরুশিয়া ডর্টমুন্ড এবং বার্সেলোনা-এসি মিলানের খেলা দুটির দিকেই পুরো নজর থাকবে বিশ্বের ফুটবলামোদীদের। কারণ নিজেদের গ্রুপে এখন পর্যন্ত অনুষ্ঠিত দু্ই খেলাতেই জয়ী আর্সেনাল ও বার্সেলোনা তৃতীয়টিতেও জয় নিয়েই মাঠ ছাড়তে বদ্ধপরিকর। অন্যদিকে জার্মান দল শালকের বিপক্ষে জয়ের মাধ্যমে ‘ই’ গ্রুপে তৃতীয় স্থানে থাকা চেলসি লড়াইয়ে ফেরার চেষ্টা চালাবে।
আসন্ন লড়াইয়ের প্রাক্কালে গ্রুপ তিনটিতে ক্লাবগুলোর অবস্থান:
‘ই’ গ্রুপ
স্টুয়া বুখারেস্ট (রোমানিয়া) - বাসেল (সুইজারল্যান্ড):
শালকে এবং চেলসির বিপক্ষে প্রথম দুটি ম্যাচে পরাজিত হওয়া রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্ট এবারের মৌসুমে তাদের প্রথম পয়েন্ট অর্জনের লক্ষ্যেই মাঠে নামবে। গত মৌসুমে বুখারেস্ট তাদের ইতিহাসে ২৪তম রোমানিয়ান শিরোপা জেতে। ১৯৮৬ সালে তারা চ্যাম্পিয়ন্স লিগের একমাত্র শিরোপাটি জিতেছিলো। এর আগের সাতবারের আসরে বুখারেস্ট তাদের ৩৮টি গ্রুপ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয়ের দেখা পায়। ড্র করেছে ১১টিতে। তাদের সর্বশেষ জয়টি এসেছিল ২০০৬ সালে ডায়নামো কিয়েভের মাঠে। অপরদিকে ১৯৯৬ সালে সর্বশেষ উইডজে লোডজের বিপক্ষে তারা ঘরের মাঠে জয় পেয়েছিল। সুইস ক্লাব বাসেল গত মৌসুমের ইউরোপা লিগের সেমিফাইনালিস্ট চেলসির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে বিস্ময়করভাবে মৌসুম শুরু করলেও নিজেদের মাঠে পরের খেলায় শালকের কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট খোয়ায়। বর্তমানে তারা সুইস লিগের শীর্ষে অবস্থান করছে।
শালকে (জার্মানি) - চেলসি (ইংল্যান্ড):
জার্মান ক্লাব শালকে ও ইংলিশ ক্লাব চেলসি ২০০৭/০৮ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। জার্মান দলটি নিজেদের মাঠে গোলশূন্য ড্র করলেও স্ট্যামফোর্ড ব্রীজে ফ্লোরেন্ট মালুদা এবং দিদিয়ের দ্রগবার গোলে ২-০ ব্যবধানে জয়ী হয়েছিল চেলসি। পিঠের ইনজুরি কাটিয়ে দলের নিয়মিত গোলরক্ষক টিমো হিলডারব্র্যান্ডের ফিরে আসার অপেক্ষা করছে শালকে। তবে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জার্মেইন জোনস এবং ঘানার তারকা কেভিন-প্রিন্স বোয়াটেং হাঁটুর ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় দুঃশ্চিন্তার বিষয় ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কো হোগারের ইনজুরি। বুন্দেসলিগায় গত সপ্তাহে ব্রনশুয়েইগের বিপক্ষে ৩-২ গোলের জয়ী ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ায় মার্কো দল থেকে ছিটকে পড়েছেন।
চেলসি প্রথম ম্যাচে বাসেলের কাছে ১-০ গোলে হারলেও পরের খেলায় স্টুয়া বুখারেস্টকে ৪-০ গোলে পরাজিত করে দারুণভাবে ফিরে এসেছে। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শালকের মাঠে এ রাতে জয়ের বিকল্প নেই কোচ হোসে মরিনহোর দলটির। বাসেলের কাছে হতাশাজনক হারের পর এখন পর্যন্ত টানা ছয় ম্যাচে অপরাজিত আছে চেলসি। শেষ তিন খেলায় তাদের গোল আছে ১০টি। পাঁজরের হাড়ের ইনজুরির কারণে কালকের ম্যাচে অ্যাশলে কোলের খেলার সম্ভাবনা কম। এছাড়া শনিবার কার্ডিফের বিপক্ষে ৪-০ গোলের জয়ে উরুর ইনজুরিতে পড়া জার্মান উইঙ্গার আন্দ্রে শুরেল হয়তোবা স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো টোরেসসহ দলে ফিরতে পারেন।
‘এফ’ গ্রুপ
আর্সেনাল (ইংল্যান্ড) - বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানী):
ইংলিশ প্রিমিয়ারের শীর্ষে থাকা আর্সেনাল এবং চ্যাম্পিয়নস লিগের গতবারের রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ড সর্বশেষ ২০১১-১২ সালে মুখোমুখি হয়েছিল। সে খেলায় শিনজি কাগাওয়ার ইনজুরি টাইমে পেনাল্টিতে গোল পরিশোধের পরও রবিন ফন পার্সির জোড়া গোলে নিজেদের মাঠে দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছিল আর্সেনাল। ১-১ গোলে ড্র হওয়া ফিরতি ম্যাচে গোল করেছিলেন ফন পার্সি। বরুশিয়ার পক্ষে গোল পরিশোধ করেছিলেন ইভান পেরিসিচ।
গানার্সরা এই নিয়ে টানা ১৬ মৌসুম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আটবারের মধ্যে ছয়বারই তাদের বাছাইপর্বের বাধা পেরোতে হয়। চলতি মৌসুমেও তারা ফেনেরবাখের বিপক্ষে প্লেঅফ ম্যাচে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে থেকে মূল পর্বে খেলতে আসে। যদিও তাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে আছেন। এদের মধ্যে থিও ওয়ালকট, চেম্বারলেইন, লুকাস পোডোলস্কি অন্যতম।
বায়ার্ন মিউনিখ থেকে এক পয়েন্ট পিছিয়ে বুন্দেশলিগায় দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ড গত শনিবার হ্যানোভারের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায়। গোঁড়ালির ইনজুরির কারণে কাল দলে থাকছেন না মিডফিল্ডার নুরি সাহিন। ইতালির নাপোলির সাথে সমান তিন পয়েন্ট পেলেও গোল ব্যবধানে তারা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে।
মার্সেই (ফ্রান্স) বনাম নাপোলি (ইতালি):
গ্রুপ-এফ’র প্রথম দুই ম্যাচে আর্সেনাল ও বরুসিয়ার কাছে পরাজিত হবার পরে ফ্রেঞ্চ ক্লাব মার্সেইর সামনে ইতালিয়ান ক্লাব নাপোলিকে পরাজয়ের কোন বিকল্প নেই। যদিও ফ্রেঞ্চ লীগে শুক্রবার নাইসের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়ে দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে। তার উপর ম্যাচটিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুকাস মেন্ডেস গোঁড়ালির ইনজুরিতে পড়ায় তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে থাইয়ের ইনজুরির কারণে কালকের ম্যাচে নাপোলিতে থাকছেন না আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। এর আগে দুই ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করলেও আর্সেনালের কাছে পরাজিত হয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইতালিয়ান জায়ান্টরা।
‘জি’ গ্রুপ
পোর্তো (পর্তুগাল) বনাম জেনিট সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া):
রাশিয়ান ক্লাব জেনিটে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে চুক্তিভুক্ত ব্রাজিলিয়ান উইঙ্গার হাল্ক তার পুরোনো ক্লাব পোর্তোর বিপক্ষে কাল মাঠে নামছেন। পোর্তোর হয়ে চার বছরে হাল্ক ৭৮টি গোল করেছেন। জেনিটের হয়ে প্রথম মৌসুমটি খুব একটা ভাল যায়নি ২৭ বছর বয়সী হাল্কের। কিন্তু চলতি মৌসুমে তিনি আবার নিজের ছন্দ ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত আটটি লীগ ম্যাচে তিনি সাত গোল করেছেন। টানা সাতটি ম্যাচে জয় নিয়ে রাশিয়ান লীগে জেনিট বেশ আত্মবিশ্বাসী রয়েছে। কিন্তু ইউরোপীয়া মিশনে তাদের এখন পর্যন্ত সংগ্রহ মাত্র এক পয়েন্ট। আর পোর্তোর সংগ্রহ তিন পয়েন্ট। রাশিয়ান দলটির বিপক্ষে তারা ঘরের মাঠে এই মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটি ধরে রাখতে চায়। গত বছরও এই দুটি ক্লাব একই গ্রুপে ছিল। আর দুই দলের মধ্যে জেনিট শেষ ১৬তে জায়গা করে নিয়েছিল।
অস্ট্রিয়া ভিয়েনা (অস্ট্রিয়া) বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন)
অ্যাথলেটিকো মাদ্রিদ গত শনিবার এস্পানিয়লের কাছে চলতি মৌসুমে তাদের প্রথম হারের বিস্বাদ পায়। তবে চ্যাম্পিয়নস লিগে দিয়েগো সিমোওনের দল এখন পর্যন্ত দুই খেলায় শতভাগ সাফল্য নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। পোর্তোর বিপক্ষে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ দলটি। গোঁড়ালির ইনজুরির কারণে ব্রাজিলীয় লিও ব্যাপটিস্টাওকে এ খেলায় নাও দেখা যেতে পারে। তার স্থানে ২৫ বছর বয়সী দিয়েগো কস্তার খেলার সম্ভাবনাই বেশি। কস্তা নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন। কিন্তু ১০ গোল করে এখন পর্যন্ত লা লিগায় সর্বাধিক গোলদাতা তিনিই। ভিয়েনা দুই ম্যাচের একটিতে হার ও অপরটিতে ড্র করে বর্তমানে গ্রুপে তৃতীয় স্থানে আছে।
‘এইচ’ গ্রুপ
সেলটিক (স্কটল্যান্ড) - আয়াক্স (নেদারল্যান্ড):
স্কটিশ চ্যাম্পিয়ন সেলটিক প্রথম দুই ম্যাচে হারের পর ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে। তবে বার্সেলোনার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় স্কটিশ ক্লাবটিকে অধিনায়ক স্কট ব্রাউনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারছেন না অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস কমন্স। হিবসের বিপক্ষে লিগ ম্যাচে গত শনিবার দুর্দান্ত গোল করার সুবাদে মূল একাদশে দেখা যেতে পারে উইঙ্গার জেমস ফরেস্টকে।
ডাচ লিগের শীর্ষে থাকা টোয়েন্টের সাথে গত শনিবার ১-১ গোলে ড্র করে চাঙ্গা আছে আয়াক্স। এসি মিলানের সাথে সর্বশেষ খেলায় ১-১ গোলে ড্র করায় এ ম্যাচে জয়ী হলে আয়াক্সের সামনে শেষ ষোলয় যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।
এসি মিলান (ইতালি) - বার্সেলোনা (স্পেন):
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবারের মৌসুমে তৃতীয় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। ওসাসুনার বিপক্ষে গত শনিবার গোলশূন্য ড্র করে লা লিগায় চলতি মৌসুমে প্রথম পয়েন্ট হারিয়েছে কাতালানরা। ২০১২ সালের জানুয়ারি মাসের পর এই প্রথম তারা কোন ম্যাচ গোলবিহীন কাটালো। তবে হাঁটুর অস্ত্রোপচারের কারণে সাত মাস বাইরে কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক কার্লোস পুয়োল। মাঝে দুটি ম্যাচ উরুর ইনজুরির কারণে বাইরে থাকার পর দলে ফিরেছেন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি।
মারিও বালোতেলি¬র শেষ মুহূর্তের পেনাল্টি গোলে আয়াক্সের সাথে ড্র করে হার এড়ানো এসি মিলানের প্রতিপক্ষ আজ বার্সেলোনা। উরুর ইনজুরির কারণে বালোতেলি¬ এ ম্যাচে খেলতে পারছেন না। বিশ্বকাপ বাছাইপর্বে গত সপ্তাহে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে এই ইনজুরিতে পড়েন তিনি। তার উপর নিয়মিত গোলরক্ষক ক্রিস্টিয়ান আব্বিয়াতি ইনজুরিতে পড়ায় এবং চ্যাম্পিয়নস লিগের খেলোয়াড় তালিকায় গ্যাব্রিয়েলের নাম না থাকা মিলানকে তাদের তৃতীয় গোলরক্ষক মার্কো আমেলিয়াকে নিয়েই বাধ্য হয়ে মাঠে নামতে হচ্ছে। ব্যাপারটা তাদের জন্য দুশ্চিন্তার।—বাসস/এএফপি
আজ মাঠে নামার আগে বার্সেলোনা দল গতকালই পৌঁছে গেছে মিলানে (উপরে)। মিডফিল্ডার মন্টিলিভোকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে এসি মিলান কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি (নিচে)। বরুশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আগে নিজেদের শেষবারের মত ঝালিয়ে নিচ্ছেন আর্সেনালের দুই জার্মান তারকা মেসুত ওজিল ও ম্যাটসেকার (বাঁয়ের প্রথম ছবি)
-ওয়েবসাইট
