ইরানের তেহরানে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য প্রথম দিনটি ভালো হয়নি। আব্দুল্লাহ হেল বাকি হতাশ করেছেন। শ্যুটিং সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল বাকি স্বর্ণ জয় করতে পারবেন। তা না হলেও তিনি সম্মানজনক স্কোর করবেন। কিন্তু কোনোটাই তার ভাগ্যে জুটেনি। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেল তিনি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ফাইনাল রাউন্ডেই উঠতে পারেননি। আট জনের ফাইনাল রাউন্ডে উঠতে না পারা বাকি দিন শেষে ৩৪ জনের মধ্যে নবম স্থান পেয়ে শ্যুটিং রেঞ্জ থেকে হোটেলে গিয়েছেন। ৬৫৪ স্কোরের লড়াইয়ে আব্দুল্লাহ হেল বাকি করেছেন ৬১৯.৫ স্কোর। পয়েন্ট ওয়ানের জন্য ফাইনাল রাউন্ডে উঠতে পারেননি বলে মৌখিক ভাবে শ্যুটিং ফেডারেশন সুত্রে জানা গেছে।
