মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে সাক্ষ্য দিয়েছেন এডভোকেট কেএম হামিদুর রহমান। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শেষে মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
একই সাথে আসামিপক্ষের বাকি তিনজন সাফাই সাক্ষীকে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। তবে সাক্ষীর জবানবন্দির পর নাম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে ট্রাইব্যুনালে জমা দেয়া তালিকায় উল্লেখিত সাক্ষীর নাম ও সাক্ষ্য দিতে এসে লিপিব্ধ করা নামের মধ্যে মিল না থাকায় সাক্ষীকে কাঠগড়া থেকে নামিয়ে দেয়া হয়। পরে অবশ্য আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে কেএম হামিদুর রহমানের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
