টুুকিটাকি...

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:৪০
সাকিব ম্যাজিক বাংলাদেশের ক্রিকেটামোদীদের ধারণা ছিল মিরপুরে প্রত্যাশিত কেতায় জ্বলে উঠবেন সাকিব আল হাসান। বিশেষ করে যখন চট্টগ্রাম টেস্টে মোমিনুল হক ও সোহাগ গাজীর নৈপুণ্যের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিলেন বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ইনিংসে প্রত্যাশিত জাদু দেখালেন তিনি। বিপক্ষ ইনিংসের ১৩তম ওভারে বোলিং করতে এসে ষষ্ঠ বলেই তুলে নিলেন ওপেনার হ্যামিশ রাদারফোর্ডের উইকেট। বাংলাদেশকে এনে দিলেন প্রথম দিনের প্রথম আনন্দের উপলক্ষ। সাকিবের বলে মমিনুলের ক্যাচে রাদারফোর্ড যখন আউট হয়ে ফিরলেন দলীয় রান তখন ৩১। সাকিবের পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার পিটার ফুলটন। শেষ পর্যন্ত বৃষ্টি বাদ সাধার আগে আরো এক উইকেট নেন তিনি। অদম্য রবিউল, নাইম ফিটনেসের কারণে ঢাকা টেস্টের দলে জায়গা হয়নি পেসার রবিউল ইসলামের। অন্যদিকে ফর্ম থাকার পরও শুধু টিম কম্বিনেশনের জন্য দলে জায়গা হচ্ছে না ব্যাটসম্যান নাঈম ইসলামের। কিন্তু দলে নিজের জায়গাটা তো ফিরে পেতে হবে; তাই সময়টাকে ভালই কাজে লাগিয়ে যাচ্ছেন এই দুই ক্রিকেটার। গতকাল লাঞ্চের আগে বাংলাদেশ দল যখন ফিল্ডিংয়ে ব্যস্ত সেসময় দু’জনেই ইনডোরে নেমে পড়লেন প্র্যাকটিসে। সাথে ছিলেন দলের প্রধান কোচ শেন জার্গেনসেন। বিধ্বংসী পেস বোলিং উপমহাদেশের উইকেট সাধারণত স্পিন সহায়ক। তাই এ অঞ্চলে পেস বোলারদের তাণ্ডব দেখা যায় কম। বাংলাদেশের বোলারদের জন্য সেই সুযোগ তো আরও কম। তারপরও গতকাল ক্ষণিকের জন্য দেখা গেল পেস বোলিংয়ের রুদ্র রূপ। রুবেল হোসেনের একটি বল মনে করিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নারদের। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ২৪তম ওভারের পঞ্চম বল বাউন্সার ভেবে ডাক করতে গেলেন ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। রুবেলের শর্ট বলটি উইলিয়ামসের হেলমেট ভেদ করে ঢুকলো ভিতরে। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হলো ব্যাটসম্যানটিকে। পরে অবশ্য ফিরে এসে ব্যাট করেছেন উইলিয়ামসন। মাশরাফির মতো মাশরাফি বিন মর্তুজার টেস্ট অভিষেক ঘটে ২০০১ সালে। জিম্বাবুয়ের বিপক্ষের ওই টেস্টে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। মাশরাফি ওই টেস্টে এক ইনিংসে বল করার সুযোগ পেয়ে ৩২ ওভারে ১০৪ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে খেলছেন না ‘নড়াইল এক্সপ্রেস’। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া বাংলাদেশের সত্তরতম ক্রিকেটার আল-আমিন হোসেনের অনুপ্রেরণা মাশরাফি। এক যুগ আগের ওই টেস্টে বৃষ্টির কারণে বার বার খেলা বিঘ্নিত হচ্ছিল এবং শেষ দুই দিন মাঠে একটি বলও গড়ায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্টের সাথে আল-আমিন আর মাশরাফির ওই একটিই মিল— বৃষ্টি! বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে আল-আমিন ৬ ওভার বল করেছেন। মেডেন নিয়েছেন তিনটি। রান দিয়েছেন ১৪। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ওই টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এখনো পর্যন্ত কোনো উইকেট না পেলেও আল-আমিন নিশ্চয় মাশরাফির মতো বিশেষ কিছু করে দেখাতে চাইবেন ।