উন্নতির ধারা বজায় রাখতে চান রোনালদো

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৪
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা রিয়াল আজ জয় চায় সান্তিয়াগো বার্নাব্যুতেও। আর সিরি এ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় পেতে হলে দারুণ কিছু করতে হবে বলেই মনে করছেন ব্লাঙ্কোসদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে স্পেনের রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। রাতের অন্যান্য ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখসহ মোট ষোলটি দল। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম দুটি ম্যাচে গালাতাসারে এবং কোপেনহেগেনকে যথাক্রমে ৬-১ ও ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দূরন্ত সূচনা করা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বেশ দাপটের সাথেই লড়াই চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্টে নিজেদের দশম শিরোপা বা লা দেসিমার জন্য হন্যে হয়ে ছুটতে থাকা রিয়াল আজকের ম্যাচে মাঠে পাচ্ছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার গ্যারেথ বেলকেও। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এই ওয়েলসম্যান গতকাল অংশ নিয়েছেন ম্যাচের আগে দলের সর্বশেষ প্রাকটিস সেশনেও। পায়ের ইনজুরির কারণে গত আগস্ট থেকে মাঠের বাইরে থাকা জাবি আলোনসো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তবে কাল তার খেলা নিয়ে সংশয় রয়েছে। শনিবার মালাগার বিপক্ষে লা লিগায় ২-০ গোলের জয়ী ম্যাচে বেল বদলি খেলোয়াড় হিসেবে কিছুক্ষণের জন্য মাঠে নেমেছিলেন। এই জয়ে কার্লো আনচেলত্তির দল স্প্যানিশ লীগে কিছুটা হলেও শীর্ষে থাকা বার্সেলোনা এবং এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে পয়েন্টের ব্যবধান কমাতে সক্ষম হয়েছে। আর ক্রমেই শীর্ষের দিকে এগিয়ে যেতে ধারাবাহিক উন্নতির কোন বিকল্প নেই বলে মানছেন রোনালদো। কোচকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসা এই উইঙ্গার বলেন, ‘আমাদের হাতে এই মুহূর্তে মাত্র ছয় পয়েন্ট জমা আছে। এবং ছয় পয়েন্ট নিয়ে কোন দলই পরবর্তী রাউন্ডে যেতে পারবে না। সুতরাং আমাদের প্রতিটি ম্যাচই জিততে হবে। আর জুভেন্তাসের বিরুদ্ধে এই ম্যাচে দলের সবাই খেলতে চাইবে।’ তবে তুরিনের ওল্ড লেডির বিরুদ্ধে লড়াইটা যে মোটেই সহজ হবে না রোনালদো বুঝতে পারছেন সেটাও, ‘আমরা ঘরের মাঠে খেলবো বলে কিছুটা সুবিধা হয়তো পাবো। তবে শক্তিশালী এক দলের জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা জানি লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে তারা হেরেছে (ফিওরেন্তিনার বিরুদ্ধে) তবে তাই বলে তারা মোটেই হালকা কোন দল নয়। শুধু শক্তিমত্তাই নয়, তাদের আছে দারুণ অভিজ্ঞ কিছু খেলোয়াড়। সুতরাং আমাদের মাঠে মনোযোগী হতে হবে এবং নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে। কারণ জেতার এটাই একমাত্র উপায়। যদি আমরা (আজ) নয় পয়েন্ট নিশ্চিত করতে পারি, তাহলে বলা যাবে আমরা অর্ধেকটা পথ পেরোতে পেরেছি।’ রোনালদো কথা বলেছেন মাঠে তার বর্তমান অবস্থান নিয়েও। নতুন কোচের অধীনেও আগের মতোই স্বাধীনভাবে খেলতে পারছেন জানিয়ে এই সাত নম্বর জার্সিধারি বলেন, ‘আমি সেই আগের জায়গাতেই খেলছি। কিছুই পাল্টায়নি। কোচ আমাকে যেমন ইচ্ছা তেমনিভাবে খেলার স্বাধীনতা দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই আমি খুবই স্বচ্ছন্দে খেলতে পারছি।’ রোনালদোর কণ্ঠে প্রশংসা ঝরেছে সতীর্থ করিম বেনজামার বিষয়েও। তিনি বলেন, ‘সে আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। মাঠে সে যদি গোল নাও পায় দলে তার অবদান অনেক।’ জুভেন্টাসের বিপক্ষে হোম ম্যাচে কাল মাঠে নামার পরে সপ্তাহের শেষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো খেলতে বার্সেলোনায় যাবে রিয়াল। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই ড্র করা ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস প্রথম জয়ের লক্ষ্যেই রিয়ালের ঘরের মাঠ সানতিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হবে। তবে ফিওরেনটিনার কাছে সিরি-আ লীগে ৪-২ গোলে পরাজিত হবার তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে। এটাই এবারের মৌসুমে জুভেন্টাসের প্রথম পরা জয়। আর রিয়ালের বিপক্ষে পরীক্ষাটাও যে খুব একটা সহজ হবে না তা কোচ এ্যান্টোনিও কন্টের কথা থেকেই স্পষ্ট হওয়া যায়, ‘নি:সন্দেহে মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আমরা এমন একটি দলের মুখোমুখি হচ্ছি যারা নিজেদের ইতিহাসের তাগিদে সত্যিকার অর্থেই এই শিরোপা পেতে চায়। দশমবারের মত ইউরোপীয়ান কাপ জেতার লক্ষ্যে তাদের যে প্রত্যাশা তা ইতোমধ্যেই প্রথম দুটি ম্যাচে প্রমাণিত হয়েছে।’ আজ রাতে মাঠে নামছে যারা বায়ার লিভারকুসেন (জার্মানী)-শাকতার ডোনেটস্ক (ইউক্রেন) ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড)-রিয়াল সোসিয়েদাদ (স্পেন) রিয়াল মাদ্রিদ (স্পেন)-জুভেন্টাস (ইতালি) গালাতাসারে (তুরষ্ক)-এফসি কোপেনহেগেন (ডেনমার্ক) এ্যান্ডারলেচ (বেলজিয়াম)-প্যারিস সেইন্ট-জার্মেই (ফ্রান্স) বেনফিকা (পর্তুগাল)-অলিম্পিয়াকোস (গ্রীস) সিএসকেএ মস্কো (রাশিয়া)-ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) বায়ার্ন মিউনিখ (জার্মানী)-ভিক্টোরিয়া প্লাজান (চেক প্রজাতন্ত্র)