সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটিতে বড়ো জয় পায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ২১ টেস্টের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল পাকিস্তান। বিদেশের মাটিকে হোম গ্র্যাউন্ড বানিয়ে ফেলা পাকিস্তান দল এই পরিসংখ্যানকে পেছনে ফেলে আবুধাবিতে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে বড়ো ব্যবধানে পরাজিত করেছে। পাকিস্তানের এই জয়ের নায়ক দলটির বোলাররা, বিশেষত স্পিনাররা। দুই স্পিনার সাইদ আজমল এবং বাঁ হাতি জুলফিকার বাবর নিজেদের মধ্যে ১১টি উইকেট ভাগাভাগি করে নেন। প্রথম টেস্টে বড়ো জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান দল। দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে মিসবাহ-উল-হকের দলটি। আর মিসবাহ’র মূল ভরসা তার দলের স্পিনাররা। এছাড়া দুই পেসার মোহাম্মদ ইরফান এবং জুনায়েদ খান চারটি করে উইকেট শিকার করেন। এর মধ্যে হাশিম আমলার সেঞ্চুরিসহ ১১৮ ও এবি ডি ভিলিয়ার্সের ৯০ রানের পরও আড়াইশ’ রান ছুঁতে পারেনি প্রোটিয়ারা। বিপরীতে পাকিস্তান উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মানজুরের দুর্দান্ত ১৪৬ রান এবং মিসবাহ’র ১০০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৪২ রানের বিশাল স্কোর গড়ে। খুররমের ১৪৬ রান ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কোন পাকিস্তানী ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
দ্বিতীয় টেস্টে প্রোটিয়ারা পাচ্ছে না দলের মূল ব্যাটসম্যান আমলা ও পেসার ডেল স্টেইনকে। আমলার পরিবর্তে বাঁ হাতি ডিন এলগারের খেলার প্রায় নিশ্চিত। আর স্টেইনের জায়গায় দেখা যেতে পারে রোরি ক্লেইনভেল্ডেটকে। এছাড়া বাঁ হাতি স্পিনার রবিন পিটারসনের বিকল্প নিয়েও দুশ্চিন্তায় পড়েছে সফরকারীরা। প্রথম টেস্টে পিটারসন উইকেটবিহীন ছিলেন। তার স্থানে পাকিস্তানে জন্মগ্রহণকারী লেগ স্পিনার ইমরান তাহিরকে দেখা যেতে পারে। এই টেস্টে লড়াইয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্র্যায়েম স্মিথ, ‘সম্প্রতি আমারা এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। দ্বিতীয় টেস্টে ফিরে আসার ব্যাপারে আমি আশাবাদী এবং আমরা আত্মবিশ্বাসী। এখন সঠিক পরিকল্পনা এবং মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়ার উপর আমাদের গুরুত্ব দিতে হবে।’ অন্যদিকে অপরিবর্তীত থাকছে পাকিস্তান স্কোয়াড। তবে সব ধরনের ইতিবাচক দিক সত্ত্বেও মিসবাহ আত্মতুষ্টিতে না ভোগার জন্য সতর্ক করে দিয়েছেন, ‘এই মুহূর্তে আমরা বেশ ভাল ক্রিকেট খেলছি। বিশ্বের শীর্ষ দলের বিপক্ষে আমরা দারুণ খেলেছি। তাই পরবর্তী ম্যাচের দিকে দৃষ্টি দেয়াই এখন আমাদের লক্ষ্য।’
