রাজধানীতে শ্রমিক আইন সহায়তা সেল স্থাপন করেছে সরকার। ঢাকার শ্রম ভবনের পঞ্চম তলায় স্থাপিত এ সেল হতে শ্রমিকরা বিনা ফি’তে আইনি সেবা পাবে। এই সেবার মধ্যে শ্রমিকদের আইনগত পরামর্শ প্রদানের পাশাপাশি শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে বিচারপ্রার্থী শ্রমিকদের পক্ষে শ্রম আদালত কিংবা ট্রাইব্যুনালে মামলা দায়ের ও পরিচালনা করা হবে সেল থেকে। এছাড়া শ্রমজীবী মানুষের আইনগত অধিকারের বিষয়ে এই সেল হতে প্রয়োজনীয় সব রকমের তথ্য সেবা প্রদান করা হবে। এই সেলে একটি হটলাইন নম্বর (০১৭৬১-২২২২২৪) স্থাপনও করা হয়েছে। এই নম্বরে ফোন দিয়ে যে কেউ সেবা গ্রহণ করতে পারবে বলে সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি শ্রম ভবনে এই সেল উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, শ্রম আইনের বিধান সুষ্ঠুভাবে প্রয়োগ না করে মালিকপক্ষ একতরফা সিদ্ধান্ত নিলে শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়। অধিকার প্রতিষ্ঠায় তখন শ্রমিকদের আদালতের শরণাপন্ন হতে হয়। শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত হলে শ্রমিকরা অধিকার বঞ্চিত হবে না। মালিকপক্ষ শ্রমিকদের আইনানুগ সুবিধাদি দিলে অধিকার আদায়ের জন্য শ্রমিকদের হয়রানির শিকার হতে হবে না বলে তিনি মত ব্যক্ত করেন। ঢাকার শ্রম ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী, প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান মিয়া মোঃ শরীফ হোসেন, শ্রম আদালত বার এসোসিয়েশনের সভাপতি নেছার আহমেদ, ইউএনডিপি’র জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের চীফ টেকনিক্যাল এডভাইজার ক্রিশ্চিয়ান এলডন।
