আগামী বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্লাটান ইব্রাহিমোভিচের মধ্যে কোন একজনকে দেখা যাবে না। কেননা ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ইউরোপের অবশিষ্ট চার আসন ঠিক করতে যে প্লে অফ আয়োজিত হতে যাচ্ছে তাতে বিশ্বের এ দুইজন সুপারস্টারের দেশ মুখোমুখি হতে যাচ্ছে।
পর্তুগাল ও সুইডেনের মধ্যকার এ প্লেঅফ শেষে একটি দলকে বাদ পড়তেই হবে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ইউরোপের নয় গ্রুপের মধ্যকার বিজয়ীরা সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে যায়। অপরদিকে সেরা আট রানার্সআপের মধ্যে হয় প্লে অফ। ১৫ ও ১৯ নভেম্বরের ‘হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক প্লে অফ অনুষ্ঠিত হবে। এতে অপর তিন খেলায় মুখোমুখি হবে ইউক্রেন-ফ্রান্স, গ্রীস-রোমানিয়া ও আইসল্যান্ড-ক্রোয়েশিয়া।
ফিফার সদর দফতর জুরিখে অনুষ্ঠিত এ খেলাগুলোর ড্রয়ের পর পর্তুগীজ স্ট্রাইকার রোনালদো ও সুইডেনের আক্রমণভাগের খেলোয়াড়টির জন্য এ দুর্ভাবনা দেখা দেয়। তবে সুইডেন, ফ্রান্স, রোমানিয়া ও ক্রোয়েশিয়ার একটা সুবিধা হলো ড্র অনুযায়ী দেশগুলো ফিরতি লেগটি খেলবে নিজ দর্শকদের সামনে।
