হোটেল নির্মাণের ক্ষেত্রে কয়েকটি প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি আনার ক্ষেত্রে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ জন্য ওই সব হোটেল থ্রি স্টার বা এর চেয়ে উচ্চ মানসম্পন্ন হতে হবে। সমপ্রতি এনবিআর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।তবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে কেবল মাত্র হোটেল নির্মাণের ক্ষেত্রে একবারের জন্য এ সুযোগ পাওয়া যাবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে এ ধরনের হোটেল নির্মাণের এসব সরঞ্জাম আমদানির ক্ষেত্রে উচ্চ হারে শুল্ক প্রযোজ্য রয়েছে। দীর্ঘদিন থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি হোটেল নির্মাণের সঙ্গে জড়িত উদ্যোক্তারা হোটেল নির্মাণের সরঞ্জাম আমদানির ক্ষেত্রে উচ্চ হারের শুল্ক প্রত্যাহারের দাবি করে আসছিলেন। এ নিয়ে পক্ষে বিপক্ষে মতামত ছিল।
এ সুবিধা দেয়ার বিপক্ষে যাদের অবস্থান ছিল, তারা মনে করেন, এই সুবিধার অপব্যাবহার হবে। এর ফলে সরকার রাজস্ব হারাবে। তবে শেষ পর্যন্ত বোর্ড সভায় এটি অনুমোদন পেয়েছে। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, বশির উদ্দিন আহমেদ, মো: শাহজাহান, নাসির উদ্দিন, কালিপদ হালদার, ফিরোজ শাহ আলম ও সুলতান মো: ইকবাল প্রমুখ।
