‘ক্রিস কেয়ার্নস আমার স্বপ্ন’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩৩
শেষ পর্যন্ত ইতিহাসে তার জায়গা কোথায় হবে, সেটা সময় বলবে। তবে অনেকেই কোরি রিচার্ডসনের মধ্যে খুঁজে পাচ্ছেন রিচার্ড হ্যাডলি, ক্রিস কেয়ার্নসদের যোগ্য এক উত্তরসুরীকে। গতকাল সেঞ্চুরি করে সেই পথে চলাও শুরু করে দিলেন রিচার্ডসন। তারই সেঞ্চুরিতে দিনশেষে ঢাকা টেস্টে সুবিধাজনক অবস্থায় নিউজিল্যান্ড দলের কথা ও নিজের কথা বললেন সংবাদ সম্মেলনে। কোরি অ্যান্ডারসনের সংবাদ সম্মেলনের নির্বাচিত অংশ— দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পেয়ে গেলেন। কেমন লাগছে? দেশের হয়ে সেঞ্চুরি পাওয়াটা সবার জন্যই নিশ্চয়ই খুব ভালো একটা অনুভূতির ব্যাপার। প্রথম শ্রেণীর ম্যাচে সেঞ্চুরি পেতে আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছিল। মনে হয়, সেটা থেকে কিছু শিখেছি। ফলে টেস্টে তাড়াতাড়ি পেয়ে ভালোই লাগছে। একটু তাড়াতাড়ি হয়ে গেল কি না সেঞ্চুরিটা? দেখুন আজও ভাগ্য আমার পক্ষে ছিল। কয়েকটা বল ব্যাটের কানায় লেগেছে, মিসফিল্ডিং হয়েছে। তারপরও সেঞ্চুরেটা যে ক্যারিয়ারের শুরুতে এভাবে পেয়ে গেলাম, তাতে আমার উপকারই হয়েছে। এখন আমি অনেক শান্ত মাথায় চিন্তা করতে পারব। উইকেট কেমন মনে হচ্ছে? একটু ভেজা ভেজা ভাব আছে। তারপরও ব্যাটিংয়ের জন্য ভালোই বলবো। ভারত সফরটা কী এই ইনিংস খেলার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে? হ্যাঁ, এই সিরিজের প্রস্তুতির জন্য ভারত তো অসাধারণ জায়গা। ভাইজাগে আমি যখন সেঞ্চুরি করলাম, খুব গরম ছিল। এখানেও আর্দ্রতা অনেক। তবে ওখানকার মতো গরম নয়। ফলে আমি এখানে মাঠে অনেক সময় কাটাতে পারছি। কেন উইলিয়ামসনের সঙ্গে আপনার জুটিটাই নিউজিল্যান্ডকে এগিয়ে দিল... কেন আর আমি একসঙ্গে ডেভলপমেন্ট দলে ছিলাম। ফলে ও যখন রানে থেকে এভাবে আউট হয়ে গেল কষ্ট পেয়েছে। ও খুব ভালো খেলোয়াড়। ও উইকেটে থাকলে সঙ্গী হিসেবে আমার অনেক উপকার হচ্ছিল। ওভারে ওভারে ও কথা বলে অনেক উপকার করছিল। ঠিক কী ধরনের উপকার হয় এতে? প্রথমত যার সঙ্গে আমি আগেও অনেক ব্যাট করেছি, তার সঙ্গে ব্যাট করাটা স্বাচ্ছন্দ্যের। আর আমার একটা সমস্যা হল, শট করতে শুরু করলে মাথা ঠিক থাকে না। ও এটা খুব ভালো করে জানে, আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। অনেকে বলছে, আপনি ভবিষ্যতের হ্যাডলি বা কেয়ার্নস হতে পারেন। দেখুন, এটা মাত্র আমার দ্বিতীয় ম্যাচ। ক্রিস কেয়ার্নস আমার চিরকালের আদর্শ। আমি তাকে সামনে রেখে বড় হয়ে উঠেছি। আমি তাকে অনুসরণ করে আমার খেলার ধরন ঠিক করেছি। বাড়ির উঠানে যখন ক্রিকেট খেলতাম, আমি ক্রিস কেয়ার্নস হওয়ার স্বপ্ন দেখতাম। আমার সে স্বপ্ন ইনজুরিতে শেষ হয়ে যাচ্ছিল; অনেকদিন আমি এসবের বাইরে চলে গিয়েছিলাম। আমি আবার সুস্থ দেহে খেলতে পারছি, এটাই বড় কথা। আমি এখন অলরাউন্ডার হিসেবে দলের যা দরকার, তাই করতে পারলেই খুশি। আমি যদি দলের প্রয়োজনে রান করতে পারি, উইকেট নিতে পারি; আমি সন্তুষ্ট থাকবো। বাকীটা আমার হাতে নেই।