টু ুকি টাকি...

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩৫
অর্জন পঞ্চাশ যেকোন মাইলফলকই একজন ক্রিকেটারের জন্য মনে রাখার মতো। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ১৮তম খেলোয়াড় হিসাবে নিজের ৫০তম টেস্ট খেলছেন রস টেলর। আর এই মাইলফলকের উদযাপনটাও করলেন ব্যাট হাতেই। আগের দিনের অপরাজিত এই ব্যাটসম্যান তৃতীয় দিনে করলেন ক্যারিয়ারের ২১তম টেস্ট হাফ সেঞ্চুরি। ইনিংসের ৩৭তম ওভারে এক্সট্রা কভার দিয়ে সাকিবের বলে দর্শনীয় এক বাউন্ডারী হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। তবে রস টেলর শো এখানেই শেষ। কেননা এর এক বল বাদে সাকিবের বলেই স্লিপে নাসির হোসেনের ক্যাচে ফিরে যান সাজঘরে। টেলরের নামের পাশে তখন ৫৩ রান। আবার বিভ্রাট মিরপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন থেকেই ইলেক্ট্রনিক স্কোর কার্ড নিয়ে বিপাকে আছে বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’। টেস্ট তৃতীয় দিনে গড়ালেও এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। গতকাল সকালেও দেখা গেল একই অবস্থা। দিনের প্রথম সেশনে কার্যত বন্ধই ছিল স্কোর বোর্ডের ভিডিও চিত্র। সব মিলিয়ে ২০-২৫ মিনিটের মত চালু ছিল। লাঞ্চের পরও আগের রূপেই থাকলো স্কোরবোর্ড। হ্যাটট্রিক মিস! অন্যরকম এক হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন নাসির হোসেন। গতকাল বুধবার ইনিংসে নিজের প্রথম ওভারে উইকেট নিতে পারলেই হয়ে যেতেন টানা তিন ইনিংসে প্রথম ওভারে উইকেট পাওয়ার অনন্য কীর্তি। চট্টগ্রাম টেস্টেও বল হাতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন নাসির। ঢাকা টেস্টের তৃতীয় দিনেও একই সাফল্যের দেখা পেতে তাকে আবারও আক্রমণে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু হায়, এবার আর হল না!