চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে ফাইভ এ সাইড হকি

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩৫
আগামীকাল শুক্রবার থেকে চট্টগ্রামে ফাইভ এ সাইড হকি প্রতিযোগিতা শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে বিকাল ৫টায় প্রথম ম্যাচে আবু তাহের পুতু দল খেলবে রফিক আহমেদ চৌধুরী দলের বিপক্ষে আর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে অংশ নিবে এসএম কামাল উদ্দিন দল ও আবদুল শুক্কুর দল। ক্রীড়াঙ্গনের আটজন বিশিষ্ট ব্যক্তির নাম দিয়ে গড়া ৮টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দলগুলো খেলবে দুই গ্রুপে। এ গ্রুপে রয়েছে আবু তাহের পুতু দল, ডা. কামাল এ খান দল, অ্যাডভোকেট ইলিয়াছ দল ও রফিক আহমেদ চৌধুরী দল। বি গ্রুপে রয়েছে এসএম কামাল উদ্দিন দল, ইউসুফ গণি চৌধুরী দল, দস্তগীর চৌধুরী দল ও আবদুল শুক্কুর চৌধুরী দল। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে খেলা হবে প্রত্যেকদিন দু’টি করে। প্রথম পর্বে খেলা হবে গ্রুপ লিগ পদ্ধতিতে। পরবর্তীতে দুই গ্রুপের শীর্ষস্থানীয় চারটি দলকে নিয়ে হবে সেমিফাইনাল। প্রত্যেক দলে থাকবে ৯ জন করে খেলোয়াড়। তবে মাঠে থাকবে ৫ জন করে। চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা। স্থানীয় এক স্পন্সর দুই লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাদবাকি অর্থ জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বিভিন্ন হকি টুর্নামেন্ট ও লিগ নিয়মিত হয়ে আসছে। গত মৌসুমে হকি লিগ ছাড়াও স্কুল হকি ও হকি প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে সাফল্যের সাথে। তার ধারাবাহিকতায় চলতি মৌসুমেও হকি লিগ আয়োজনের প্রস্তুতি চলছে। তার আগাম হিসাবেই এই ফাইভ এ সাইড হকি প্রতিযোগিতার পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় একইদিন শুরু হচ্ছে হকি আম্পায়ার এন্ড কোচেস প্রশিক্ষণ কর্মসূচি। আন্তর্জাতিক হকি আম্পায়ার সেলিম লাকী ও জাতীয় হকি আম্পায়ার ও কোচ আবদুর রশিদ সোলায়মান কর্মসূচি পরিচালনা করবেন। গতকাল বুধবার সিজেকেএস সম্মেলন কক্ষে ফাইভ এ সাইড হকি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হকি সম্পাদক মোহাম্মদ ইউসুফ খুঁটিনাটি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনুপ বিশ্বাস, সিজেকেএস সদস্য এবিএম মাহাবুবুল আলম ও আ.ন.ম ওয়াহিদ দুলাল।