প্ল্যান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল শনিবার শুরু

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩৬
সাম্প্রতিক সময়ে এদেশে মেয়েদের ফুটবল উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটি। এ কমিটি ধারাবাহিকভাবে মহিলা ফুটবল উন্নয়নে ফিফা এএফসি থেকে বিভিন্ন কার্যক্রম আদায় করে নিয়ে আসছে। ফুটবলে মেয়েদের আরো সক্রিয় করার জন্য এবং সম্পৃক্ত করার জন্য বিভিন্ন কার্যক্রম চলছে পালাক্রমে। বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অবশ্য বেশ দৌড়ঝাপ করছেন অর্থ সংগ্রহে। তার উদ্যোগে এদেশে ফুটবলটা আরো বেশি চাঙ্গা হয়েছে। বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে এসেছে এনজিও সংস্থা প্ল্যান। তারা তিন বছরের জন্য বাংলাদেশকে দিচ্ছে প্রায় তিন কোটি টাকা। বেশ কিছু দিন আগে বাফুফের সাথে প্ল্যান বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। তৃণমূল পর্যায়ে মেয়েদের ফুটবল উন্নয়নে বাংলাদেশের পাশে প্ল্যান বাংলাদেশের অর্থায়নে ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার। দেশের সাতটি অঞ্চলে খেলা শুরু হবে। সাত ভেন্যুর ৫০টি জেলা প্রথম ধাপের খেলায় অংশগ্রহণ করছে। খেলা হবে দিনাজপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, ফরিদপুর, লক্ষ্মীপুর এবং হবিগঞ্জে। পনের বছর বয়সের মেয়েরা এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। নামকরণ করা হয়েছে প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রথম পর্বের খেলাগুলো থেকে মহিলা ফুটবল কমিটি খেলোয়াড় বাছাই করবে। গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু এবং ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন সাত ভেন্যুর ৫০টি জেলা থেকে ৩০ জন করে ২১০ জন ফুটবলার বাছাই করবেন। যাদের নিয়ে এক মাসের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।