প্রথম ফ্যাবলেট এবং ট্যাবলেট নিয়ে এল নকিয়া

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ১৯:৫০
স্মার্টফোনের চাইতে একটু বড় কিন্তু ট্যাবলেট পিসির চাইতে ছোট আকারের হাইব্রিড ডিভাইস সাধারণত ফ্যাবলেট নামেই পরিচিত। এর আগে লুমিয়া সিরিজের স্মার্টফোন দিয়ে বাজারে সাড়া ফেললেও প্রথমবারের মতো স্মার্টফোন ও ট্যাবলেট পিসি’র হাইব্রিড ফ্যাবলেট অবমুক্ত করেছে নকিয়া। লুমিয়া ১৫২০ এবং লুমিয়া ১৩২০ মডেল দিয়ে তারা তৈরি করেছে ৬ ইঞ্চির বিশাল ডিসপ্লে’র ফ্যাবলেট। অন্যদিকে লুমিয়া ২৫২০ মডেলের ট্যাবলেট পিসি দিয়ে প্রথমবারের মতো ট্যাবলেট পিসির বাজারেও প্রবেশ করেছে তারা। ফ্যাবলেটগুলোতে নকিয়া ব্যবহার করেছে মোবাইল উইন্ডোজের সর্বশেষ সংস্করণ। আর তাদের ট্যাবলেট পিসিতে ব্যবহার করা হয়েছে ট্যাবলেট পিসির জন্য মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আরটি সংস্করণটি। লুমিয়ার এই নতুন তিনটি ডিভাইস নিয়ে যথেষ্টই আশাবাদী নকিয়া।