ইইউ’র সম্মেলনে উঠছে মার্কিন গোয়েন্দা নজরদারির বিষয়টি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২০:২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে ওঠা গোয়েন্দাগিরির অভিযোগের কারণে গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে শুরু হওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই দিনের সম্মেলনের স্বাভাবিক আলোচনা নিষ্প্রভ হয়ে যেতে পারে। কারণ একদিন আগেই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ক্ষোভের সঙ্গে অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার মোবাইল ফোনেও আড়িপেতেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অতীতে কখনো মার্কেলের মোবাইল ফোনে আড়িপাতেনি, ভবিষ্যতেও করবে না। —খবর বিবিসি ও জিনহুয়ার। এদিকে ফ্রান্সের সাত কোটি নাগরিকের মোবাইল ফোন মার্কিন নজরদাড়িতে রয়েছে এমন সংবাদ প্রকাশের পর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এই বিষয়টিকে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের আলোচ্য সূচির মধ্যে অন্তর্ভুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধার ও অভিবাসন সংক্রান্ত বিষয়েও আলোচনা করবেন। জানা গেছে, কিছু নেতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কর্মকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের যুক্তিসঙ্গত ব্যাখ্যা জানতে এই সম্মেলনটি ব্যবহার করতে চাইছেন। অ্যাঙ্গেলা মার্কেল জার্মানিতে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ কর্মকাণ্ড দীর্ঘায়িত করার স্পষ্ট ব্যাখ্যা চাইছেন। তার মুখপাত্র বলেন, মার্কেল এ ধরনের কর্মকাণ্ডকে পুরোপুরি অপ্রত্যাশিত হিসেবে দেখছেন। জার্মানির দৈনিকগুলোও মার্কিনীদের এমন কর্মকাণ্ডের সমালোচনা করছে।