ঘুষ দেয়ার মামলায় চার্জ গঠন করা হয়েছে ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিরুদ্ধে। তাকে মামলার শুনানিতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। বার্লুসকোনি ২০০৬ সালে বামপন্থি সিনেটর সার্জিও দি গ্রেগরিওকে ৩০ লাখ ইউরো দিয়েছিলেন রোমানো প্রোদির সরকার পতনে ভূমিকা রাখার জন্য। ২০০৮ সালে প্রোদি সরকারের পতন ঘটে। নেপলসের একটি আদালত গত বুধবার শুনানি শেষে সিনেটর সার্জিওকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে। বার্লুসকোনি ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় লড়ছেন। এব্যাপারে তিনি বলেন, তিনি বিচারকদের ষড়যন্ত্রের শিকার। তিনি সিনেটরকে ঘুষ দেয়ার অভিযোগ অস্বীকার করেন। এই মামলায় তার সাবেক সঙ্গী ভালতের লাভিতোলার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। বার্লুসকোনির সমর্থকরা তার পক্ষে মিছিল করেছে।
