অনূর্ধ্ব ১৯ দলের উইন্ডিজ সফর

সিরিজ জিতেও সন্তুষ্ট নয় যুবারা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২১:৪৬
সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-৩ ব্যবধানে জয়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এমন পারফরম্যান্সের পরও পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দলের প্রতিটি খেলোয়াড়েরই একই কথা—ভাল হয়েছে, তবে আরও ভাল হতে পারতো। গতকাল ওয়েস্ট ইন্ডিজ সফর করে আসা অনূর্ধ্ব ১৯ দলের সাথে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কেক কেটে এই সিরিজ জয় উদযাপনের পাশাপাশি যুব দলকে দশ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়ারও ঘোষণা দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে গতকালই ঢাকায় এসে পৌঁছে বাংলাদেশের যুব দল। দীর্ঘ এই সফর শেষে গতকাল বৃহস্পতিবার মিরপুরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন সফর ফেরত খেলোয়াড়রা। সিরিজে সাত ম্যাচে ১৫৫ রান করা বাংলাদেশের মোসাদ্দেক হোসেন বলেন, ‘প্রথমদিকের ম্যাচগুলোতে ব্যাট হাতে রান পেয়েছি। শেষ ম্যাচগুলোতে সেটা হয়নি। আমাদের ব্যাটসম্যানরা রান পাননি। আর আম্পায়ারের কয়েকটি ভুল সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে।’ তবে রান না পাওয়ার পিছনে কোন অজুহাত দাঁড় করালেন না এই ব্যাটসম্যান, ‘ক্রিকেটে সব সিদ্ধান্তই যে আমাদের পক্ষে আসবে তা নয়। আমরা ভাল খেলেই সিরিজ জিতেছি। তবে আরও ভাল হতে পারতো।’ একই রকম কথা বলেন একটি হ্যাটট্রিকসহ সিরিজে সর্বোচ্চ উইকেট (১৪টি) শিকারী যুবায়ের হোসেন, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য অবশ্যই ভাল লাগছে। দল সিরিজ জিতেছে। সব মিলিয়ে বিদেশের মাটিতে সিরিজটা আমাদের জন্য ভাল ছিল। কিন্তু কয়েকটি দিকে আমরা সমস্যায় ভুগেছি। প্রথম দিকে ব্যাটসম্যানরা রান পেলেও শেষে খুব বাজে খেলেছে। আমাদের আরও ভাল খেলা উচিত ছিল।’ সিরিজে তিনটি ম্যাচ হারলেও সব মিলিয়ে এগিয়ে ছিল বাংলাদেশই। ১৩ উইকেট ও ১২৭ রান করে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদি হাসান। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করা শীর্ষ তিনজনই বাংলাদেশের। তারা হলেন সাদমান ইসলাম (২৫৯ রান), জসিমউদ্দিন (২০৮ রান) ও মোসাদ্দেক হোসেন (১৫৫ রান)। আর বল হাতে প্রথম চারজনই বাংলাদেশের জুবায়ের হোসেন (১৪), মেহেদি হাসান (১৩), রাহাতুল ফেরদৌস (১১), নিহাদুজ্জামান (৯)।