চীনে বাংলাদেশের ত্রিশ অ্যাথলেটের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে গতকাল চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফেডারেশন থেকে বিওএতে পাঠানো ক্রীড়াবিদদের তালিকাটা চূড়ান্ত করা হলেও চীনে যাওয়া ব্যাপারে গতকাল বিওএ’র কোচিং কমিটি সিদ্ধান্ত নিতে পারেনি। বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিষয়টি নিয়ে সভাপতির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। বিওএ’র এক কর্মকর্তা গতকাল জানিয়েছেন ক্রীড়াবিদদের চীনে যাওয়াটা চূড়ান্ত হয়ে আছে। তবে মহাসচিব সাহেব আগামী সপ্তাহে বিওএ’র সভাপতির সাথে আলোচনা করে সবুজ সংকেত পেলে চীনে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।
ছয়টি খেলার জন্য বিশেষ প্রশিক্ষণ হবে চীনে। অ্যাথলেটিকসে চারজন, সুইমিংয়ে সাতজন, টেবিল টেনিসে চারজন, ব্যাডমিন্টনে চারজন, শ্যুটিংয়ে আটজন এবং জিমন্যাস্টিকসে দুইজন ক্রীড়াবিদ বিভিন্ন মেয়াদে একবছর প্রশিক্ষণ নেবেন। যাদের বয়স ১৪ থেকে ১৬ বছর। চীনের হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ হবে বলে জানা গেছে। চীন বাংলাদেশের ক্রীড়াবিদদের থাকা-খাওয়া বহন করবে বলে জানা গেছে।
বিওএ’র সভাপতি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া চীন সফরে গিয়েছিলেন। তিনি চীনের সাথে কথা বলে বাংলাদেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রশিক্ষণের উদ্যোগ নেন। তার আগ্রহের কারণে চীন ৩০ ক্ষুদে ক্রীড়াবিদ চীনে উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। এক সাথে ৩০ ক্রীড়াবিদ বিদেশের মাটিতে প্রশিক্ষণের সুযোগ পাওয়ার অভাবনীয় বলে মনে করছেন অলিম্পিক সংশ্লিষ্ট কর্মকর্তারা।
