রেকর্ড জুটি
১৫৫ রানের লিডের বোঝা নিয়ে ৫৫ রান তুলতে দুই উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর দুই ব্যাটসম্যান ওপেনার তামিম ইকবাল ও মমিনুল হক যে প্রতিরোধ করলেন, তাতে রেকর্ডই হয়ে গেল। দু’জন তৃতীয় উইকেটে যোগ করলেন ১৫৭ রান। ৭০ রান করে তামিম যখন কেন উইলিয়ামসের বলে স্লিপে রস টেলরের ক্যাচ হয়ে সাজঘরে ফিরলেন দলের রান তখন ২১২। আর এরই সাথে রেকর্ড বইয়ে আরেকবার পরিবর্তন করতে হলো। এই দুই ব্যাটসম্যানের ১৫৭ রানের জুটিই এখন টেস্টে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে প্রায় দশ বছর ধরে এই রেকর্ডটা ধরে রেখেছিলেন জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ আশরাফুল। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ারে তৃতীয় উইকেটে জাভেদ ও আশরাফুল যোগ করেছিলেন ১৩০ রান।
ধারাবাহিক ব্যর্থতা
শুরুটা ভালই ছিল; দেখে শুনে নিউজিল্যান্ডের বোলারদের সামলে দ্রুতই পৌঁছে গেলেন ২০ এক কোঠায়। কিন্তু টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়াটা যে কোন সহজ কাজ নয় সেটা আরও একবার বুঝতে পারলেন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়। ভাল শুরুর পরও আউট হয়ে গেলেন ২২ রানে। যদিও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে যাওয়া এনামুলের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। প্রথম ইনিংসের মতো এবারও অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিলেন। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৬৪ রান করেছেন এনামুল!
তামিম আফসোস
প্রথম ইনিংসে আউট হয়ে গিয়েছিলেন ৯৫ রানে। ২০১০ সালের পর সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসেও উইকেট বিলিয়ে দিয়েছিলেন। গতকাল ঢাকা টেস্টেও চতুর্থ দিনে আফসোসটা আরেকটু বাড়লো তামিমের। সেঞ্চুরি থেকে ৩০ রান আগেই তাকে বিদায় করে দিলেন পার্টটাইম স্পিনার কেন উইলিয়ামসন। ২১৮ বল খেলে চারটি চারের সাহায্যে স্বভাববিরুদ্ধ এক ইনিংস খেলে বিদায় নিলেন এই ওপেনার।
এতদিনে বোধোদয়!
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে সাইমন ক্যাটিচকে বাদ দেয়ার পর পেরিয়ে গেছে প্রায় আড়াই বছর। বাঁহাতি এই ব্যাটসম্যানকে দল থেকে বাদ দেয়ার বিষয়ে সে সময় কম জল ঘোলা হয়নি। কিন্তু অজি ক্রিকেট বোর্ড তখন ছিল তাদের সিদ্ধান্তে অনড়। তবে সমপ্রতি অ্যাশেজ এবং এর আগে ভারত সফরে দলে অভিজ্ঞতার অভাব খুব বেশি করে অনুভূত হওয়ায় তারা এখন বুঝতে পারছেন সেসময় ক্যাটিচকে বাদ দেয়ার সিদ্ধান্তটা ভুলই ছিল। আর এই তথ্য পাওয়া গেছে খোদ বোর্ড প্রেসিডেন্ট ওয়ালি এডওয়ার্ডসের মুখ থেকে, ‘নির্বাচকদের তখন একটি সিদ্ধান্তে আসতেই হতো। কারণ দলে পন্টিং, হাসি এবং ক্যাটিচের মতো তিনজন ব্যাটসম্যান ছিলেন। নির্বাচকরা তখন তাদের সিদ্ধান্ত নিয়েছেন তবে এখন বলতেই হচ্ছে তারা ভুল করেছিলেন। এই মুহূর্তে ক্যাটিচের মতো একজন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতেন। তবে এটা পুরোপুরিই তাদের (নির্বাচক) সিদ্ধান্ত।
