‘আমরা জয়ই আশা করেছিলাম’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৪৬
সব মিলিয়ে সিরিজটা বাংলাদেশের জন্য কেমন ছিল? যদি পুরো সিরিজের কথা বলেন, আমাদের লক্ষ্য ছিল যে, ভালো খেলা এবং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। সেটা আমরা করতে পেরেছি। কাজটা আমাদের জন্য সহজ ছিল না, কারণ আমরা প্রায় ৫-৬ মাস পরে টেস্ট ক্রিকেটে খেলছি। আমরা এর আগে ওই রকম কোন দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার সুযোগ পাইনি। সুতরাং আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমার খেলোয়াড়রা সবাই যেভাবে পারফর্ম করেছে এবং যে সুযোগটা ছিল ভালো খেলার এবং নিজেরা চাপের মধ্যেও যে ভালো খেলেছে এটা এক্সেপশনাল আমি বলবো। প্রথম টেস্ট ভালো খেলার পর আমাদের একটা চ্যালেঞ্জও থাকে। দেখা যায় যে, আমরা একটা টেস্ট ভালো খেলি পরেরটা সেভাবে খেলা হয় না। তাই আমি এটাকে ভালোই বলবো। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যেভাবে কামব্যাক করলো, সেটাও তো একটু নতুন একটা ব্যাপার? হ্যাঁ, প্রথম ইনিংসে আমাদের ব্যাটিংটা ওইরকম করে ক্লিক করেনি। পরে আমরা যেভাবে ফিরে এলাম, তাতেই বোঝা যায়, আমাদের দল এখন অনেক পরিণত হয়ে উঠছে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা খুবই ভালো একটা সাইন। আমি বার বারই বলি আমাদের পারফরমারের সংখ্যা অনেক বেড়েছে। আগের থেকে প্লেয়াররা অনেক পরিণত এবং আশা করছি তারা এটা ধারাবাহিকভাবে করতে থাকবে। সব মিলিয়ে টেস্ট সিরিজে যা হয়েছে, সেটাই কী চেয়েছিলেন? টেস্ট সিরিজ আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে পুরোটা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারিনি। কিন্তু আমার মনে হয় দুইটা টেস্ট যেভাবে ড্র করতে পেরেছি সেটা খুবই ভালো সাইন। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা অর্জন। ওয়ানডে সিরিজে তো সবাই জয়ই দেখতে চাইবে... অবশ্যই। ওয়ানডে সিরিজের জন্য পরিকল্পনা তো থাকবে সেরকমই। আমরা সিরিজটা জিততে চাই, প্রথম কথা। তার জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। কারণ নিউজিল্যান্ড তেমন কোনো দুর্বল দল না। ওরা অনেক শক্ত দল। আমরা যেভাবে ভেবেছিলাম তার চেয়েও টেস্ট ক্রিকেটে অনেক ভালো খেলেছে। আমরা আশা করবো যে, টেস্ট ক্রিকেটের মতো ওয়ানডেতেও খুব ভালো একটা রেজাল্ট করবো। আসলে এই দু’টেস্টে ফলটা কেন এলো না? চট্টগ্রামে আমরা যথেষ্ট সময় পাইনি ওদের ২০টা উইকেট নেয়ার জন্য। আবার এখানে যেটা হয়েছে, বেশিরভাগ দিন আমরা বৃষ্টিতে হারিয়ে ফেলেছি। কিছু জায়গা আছে হয় তো বা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ওরাও অনেক ভালো ক্রিকেট খেলেছে। তাড়াতাড়ি উইকেটে মানিয়ে নিয়েছে এবং প্রয়োগ করেছে। সুতরাং ওরাও অনেক ভালো ক্রিকেট খেলেছে। ঠিক কোন জায়গাগুলোতে উন্নতি দরকার বলে মনে হচ্ছে? শুরুতে বোলিংয়ে ব্রেক থ্রু দরকার। কারণ যে কোনো ম্যাচে টপঅর্ডারে শুরুতে আঘাত করতে পারলে সেক্ষেত্রে প্রতিপক্ষ অনেক ব্যাক ফুটে যায়। সেক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা ছিল। নতুন বলে যদি উইকেট নিতে না পারে, যেন পুরান বলে রিভার্স করাতে পারি। আর আমাদের ফিল্ডিংটা হয়তো আপটু দ্যা মার্ক হয়নি। তবে বেশিরভাগ সময় সিরিজ শেষ হলে দেখা যায় যে, আমরা বলতে থাকি এগুলো হয়নি। কিন্তু এরকম একটা ভালো সিরিজ খেলার পর কিছু জায়গা, খুব অল্প জায়গা আছে উন্নতি করতে হবে। এটা ইতিবাচক দিক। উদ্বোধনী জুটিটা নিয়ে তো দুশ্চিন্তা থেকেই যাচ্ছে... ওপেনিং পার্টনারশিপ নিয়ে আমরা যে প্রত্যাশা করেছিলাম তা হয়নি। তামিম ভালোই খেলেছে। বিজয়ের কাছে যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পারেনি। কিন্তু ও অনেক প্রতিভাবান খেলোয়াড়। আশা করছি ও খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। আর কোনো সিরিজে টপ সিক্স বা টপ সেভেনই সব সময় রান করবে না। যার যার সুযোগ থাকবে, তারা করবে; এটাই হয়। তবে আমার মনে হয় আমাদের কিছু ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে এটা একটু উন্নতি করার দরকার আছে। ভবিষ্যতে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। আর জিনিসগুলো তাড়াতাড়ি শুধরাবো। একটা সময় ছিল নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে সিরিজ ড্র করার জন্য খেলেছি? এখন ড্র হওয়ায় কী আফসোস হচ্ছে, নাকি স্বস্তিই পাচ্ছেন? আফসোস তো অবশ্যই কাজ করছে। দু’টেস্টেই আমরা ভালো অবস্থায় ছিলাম। এখানে আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারিনি। তারা লিড নিয়েছে, দ্বিতীয় ইনিংসে আমরা আবার ভালো ব্যাটিং করেছি। ওভার অল যদি বলেন, যে রকম পরিস্থিতি থেকে আমরা ড্র করেছি, সেটা অনেক স্বস্তির, ধারাবাহিক ক্রিকেট খেলেছি। তবে ব্যক্তিগতভাবে আমি খুশি নই। কারণ এই পারফরম্যান্সে আমি জয়ই আশা করেছিলাম।