এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে খুব ঘটেনি। পর পর দুটি টেস্ট ম্যাচে বাংলাদেশ এগিয়ে থাকা অবস্থায় ড্র হলো। তাতে সিরিজও ড্র। কয়েক বছর আগে হলে এই ফলাফলকে ‘স্বপ্নর মতো’ মেনে নিয়ে খুশি হতেন ক্রিকেটাররা। কিন্তু দিন বদলেছে, এখন এগিয়ে থেকে জিততে না পারা নিয়েই সিরিজ শেষে আফসোস করেন বাংলাদেশের খেলোয়াড়রা, সমর্থকরা
মুশফিকুর রহিমের দলটি অবশ্য এই আফসোসকে ঢেকে রেখেও একটু তৃপ্তি খুঁজে পেতে পারেন । কেননা দলটি ব্যাটে-বলে দাপট দেখিয়ে বিরলভাবে শেষ করলো এই একটা সিরিজ। পরিসংখ্যানও তাই বলে যেখানে সিরিজ শেষে পরিষ্কার এগিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা। হোম কন্ডিশন আর সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, র্যাংকিং বলছে নিউজিল্যান্ডের চেয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ। কিন্তু তাদের বিপক্ষে টানা দুই টেস্টে ব্যাটে-বলের লড়াইয়ে সবদিক থেকেই এগিয়ে ছিল স্বাগতিকরা। সর্বোচ্চ উইকেট শিকারী আর সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের খেলোয়াড়রাই।
চার ইনিংসে দুটি সেঞ্চুরিসহ ৩৭৬ রান নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন মুমিনুল হক। ব্যাটিং গড়টাও অস্বাভাবিক; ১৮৮! ম্যাচ ও সিরিজ সেরার দুটো পুরস্কারই উঠেছে তার হাতে। উপরের দিকে আছে তামিম ইকবালের নামও। সেঞ্চুরির দেখা না পেলে কি হবে, ৪৫.১৮ গড়ে ২১১ রান করে তিনি আছেন তালিকায় তৃতীয় স্থানে।
বোলিংয়েও বাংলাদেশের জয়জয়কার। ঢাকা টেস্টে সাফল্যের দেখা না পেলেও এক চট্টগ্রাম টেস্টেই আট উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সোহাগ গাজী। শুধু বোলিংয়েই নয় ব্যাট হাতেও একটি সেঞ্চুরিসহ ১১৫ রান করেছেন তিনি। বোলারদের মধ্যে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা সাত। সাথে ৬০.৫০ গড়ে ১২১ রানও করেছেন বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষে থাকা এই অলরাউন্ডার।
সব থেকে বড় ব্যাপার হলো, ৮১ টি টেস্ট ম্যাচের ইতিহাসে এবারই প্রথম প্রতিপক্ষের সাথে লড়াই করে টানা দুটি ম্যাচ ড্র করলো বাংলাদেশ। দেশের ভিতরে-বাইরে মিলিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করলো টাইগাররা। যদিও এর মধ্যে সাকুল্যে চারটি জয়ও আছে। সেগুলো অবশ্য জিম্বাবুয়ে আর ‘তৃতীয় সারি’র ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে। সব মিলিয়ে এই সিরিজেই নিজেদের দশম টেস্ট ড্রয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশ দল।
ঘরোয়া সিরিজের এই পারফরম্যান্স এবার ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই ২৯ অক্টোবর মিরপুর স্টেডিয়ামেই শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের পর শ্রীলংকা সিরিজ, এশিয়া কাপ এবং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের প্রমাণে যথেষ্ট সুযোগই পাচ্ছে মুশফিক বাহিনী।
সর্বোচ্চ রান
ব্যাটসম্যান রান দেশ সেরা
মমিনুল হক ৩৭৬ বাংলাদেশ ১৮১
কেন উইলিয়ামস ২৫০ নিউজিল্যান্ড ১১৪
তামিম ইকবাল ২১১ বাংলাদেশ ৯৫
জন ওয়াটলিং ১৭৩ নিউজিল্যান্ড ১০৩
সর্বোচ্চ উইকেট
বোলার উইকেট দেশ সেরা
সোহাগ গাজী ৮ বাংলাদেশ ৬/৭৭
নেইল ওয়াগনার ৭ নিউজিল্যান্ড ৫/৬৪
সাকিব আল হাসান ৭ বাংলাদেশ ৫/১০৩
ইশ সোধি ৬ নিউজিল্যান্ড ৩/৫৯
