টেস্ট সিরিজ ড্রয়ের পর দলের পারফরম্যান্সের গ্রাফটা উপরের দিকেই দেখছেন বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেনসেন। ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন এই অস্ট্রেলিয়ান।
প্রায় ছয় মাস পর টেস্ট খেলতে নেমে টানা দুই ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ড্র করার পর স্বাভাবিকভাবেই সন্তোষ প্রকাশ করেছেন জার্গেনসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টানা দুটি ম্যাচে এভাবে প্রতিপক্ষের উপর দাপট দেখিয়ে ড্র করা আমাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। দলের পারফরম্যান্সে আমি অনেক খুশি। ছেলেরা সত্যি অনেক ভাল খেলেছে। গত বছর থেকেই আমরা ধারাবাহিক পারফরম্যান্সের মধ্যে আছি।’
জার্গেনসেন আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা জয়ের অনেক কাছ থেকে ফিরে এসেছিলাম। এর পর থেকেই আমরা নিয়মিত ভাল খেলে আসছি। সব মিলিয়ে যতো দিন যাচ্ছে ততই আমরা ভাল খেলছি। হেড কোচ হিসেবে এটা অবশ্যই আমার জন্য স্বস্তিদায়ক।’প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ভাল দল। এই সিরিজে তারা অনেক ভাল খেলেছে। আমার মতে দুটো দলই এই সিরিজে অনেক ভাল খেলেছে। কাউকে এগিয়ে বা কাউকে পিছিয়ে রাখা সম্ভব নয়। এখানে দুটো টেস্টেই আমাদের জয়ের সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটা পারিনি। কোচ হিসেবে আমি অবশ্যই গর্বিত।’
এই সিরিজেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নিজেদেরকে নতুন করে চিনিয়েছেন মোমিনুল হক ও সোহাগ গাজী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের পারফরমার বেড়ে গেলে সেটা সত্যি আমাদের জন্য অনেক ভাল। এর ফলে সবার উপর চাপ কমে। মোমিনুল, সোহাগ অনেক ভাল খেলেছে। আর সাকিবের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। সে বিশ্বমানের একজন খেলোয়াড়।’
