স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে ছোঁয়ার লক্ষ্য নিয়ে আজ নু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় অংশ নেবে রিয়াল মাদ্রিদ। বরাবরের মতোই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আছেন দল দুটির জিয়নকাঠি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ঐতিহ্যবাহী এই লড়াইয়ে এবার নতুন মাত্রা যোগ করেছেন বিশ্বের সবচাইতে দামি ফুটবলার গ্যারেথ বেল এবং বিশ্ব ফুটবলের ‘সেনসেশন’ নেইমার। চলতি গ্রীষ্মেই প্রথমবারের মতো ইউরোপে খেলতে আসা এই ব্রাজিলীয় সুপারস্টার সন্দেহাতীতভাবেই চাইবেন নিজের প্রথম এল ক্লাসিকোতে দারুণ কিছু করতে। মূল্য বিচারে বেলের জন্য প্রথম এল ক্লাসিকোটি বিরাট চ্যালেঞ্জ। এদিকে এই ম্যাচের মধ্য দিয়েই চিরায়ত এই স্প্যানিশ লড়াইয়ে যোগ দিতে যাচ্ছেন দুই কোচ কার্লো অ্যানচেলোত্তি এবং জেরার্ডো মার্টিনো।
