ফলাফলকে ন্যায্য মানছে নিউজিল্যান্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:৩৯
একে তো উপমহাদেশীয় কন্ডিশন; তার উপর ২০১০ সালে বাংলাদেশ সফরে এসে ৪-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইট ওয়াশের দুঃসহ স্মৃতি। সব মিলিয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকার পরও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বেশ চাপেই ছিল নিউজিল্যান্ড। তাই, দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হওয়ায় কিছুটা স্বস্তিবোধ করছে ব্ল্যাক ক্যাপরা। এ কারণেই গতকাল শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে ফলাফলকে ‘ন্যায্য’ বলেই মত দিলেন সফরকারী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বৃষ্টিতে সিরিজ সমাপনী টেস্টটির প্রথম দুদিনের খেলার অনেকটাই ভেসে গিয়েছিল। পঞ্চম দিনের উত্তেজনাও মাটি হয়েছে সকাল থেকে অবিরাম পড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে। মাঠে গড়ায়নি একটি বলও। দুপুর দু’টার মধ্যেই তাই ড্র ঘোষণা করে দেয়া হয়। ব্রেন্ডন ম্যাককালাম সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখে বলেন, ‘অবশ্যই আমরা টেস্ট সিরিজ জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে এই সিরিজে আমরা বেশ ভাল খেলেছি। আমাদের ব্যাটিং অসাধারণ হয়েছে। এই ধরনের কঠিন কন্ডিশনেও বোলাররা তাদের সাধ্যমত ভাল বল করেছে। তাই টেস্টে যা ফল হয়েছে তাতে সব মিলিয়ে আমি সন্তুষ্ট। ন্যায্য ফলাফলই পেয়েছি আমরা। বাংলাদেশের দিক থেকেও একটা অসাধারণ সিরিজ গেলো।’ তিনি আরও বলেন, ‘আমরা ২-০ তে সিরিজ জিততে চেয়েছিলাম। চট্টগ্রামে আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিলাম। আর এখানে তো বৃষ্টির কারণে অনেকটা সময় খেলাই হলো না। তাই ০-০ ন্যায্য ফলাফল।’ টানা দুটি ম্যাচেই ব্যাটে বলে জ্বলে ওঠে স্বাগতিকরা। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় ভাবে প্রথমবারের মতো টানা দুটি টেস্ট ম্যাচ ড্র করলো বাংলাদেশ। বিপক্ষের এমন উজ্জ্বল পারফরম্যান্সও বিস্মিত করেনি ব্ল্যাক ক্যাপ অধিনায়ককে, ‘আমরা আগেই জানতাম নিজেদের মাটিতে আমাদের চাপে ফেলবে বাংলাদেশ। আর ওদের স্পিন নির্ভর বোলিং আক্রমণের মুখোমুখি হওয়া পৃথিবীর যেকোন ব্যাটিং লাইনআপের জন্যই কষ্টকর। তাই পারফরম্যান্সের দিক থেকে আমি একদমই হতাশ নই।’ কেন উইলিয়ামস, কোরি অ্যান্ডারসন, রস টেলর, জন ওয়াটলিং রানের মধ্যেই ছিলেন। অথচ মুশফিকরা যাকে নিয়ে বেশি ভয়ে ছিল সেই ম্যাককালামই ছিলেন নিষ্প্রভ। এ প্রসঙ্গে অতিথি অধিনায়ক বলেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে আমি মোটেই সন্তুষ্ট নই। আমি এই সিরিজে ভাল খেলার জন্য মুখিয়ে ছিলাম। তবে, এটাই ক্রিকেট। খারাপ সময় সবারই আসে। এটাকে মেনে নিতেই হবে। ব্যক্তিগত দিক নয়, বরং আমি দলীয় দিকটাকেই এগিয়ে রাখতে চাই।’ টেস্ট সিরিজ শেষে ২৯ অক্টোবর এই মিরপুরেই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এই সিরিজ শেষেই হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। নিউজিল্যান্ডের দৃষ্টিও এখন সেদিকেই, ‘আমরা সত্যিই এখন ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য মুখিয়ে আছি। ওয়ানডে আরও কঠিন হবে। আমাদেরকে নিজেদের উজাড় করে দিয়ে খেলতে হবে।’