আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে খেলার জন্য অবসরে যাওয়া বর্ষীয়ান স্টিভ টিকোলো ও টমাস ওদোয়োকে জাতীয় দলে ডাকা হয়েছে বলে জানিয়েছেন কোনয়া ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। ইতোপূর্বে কেনিয়া দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা ৪২ বছর বয়সী টিকোলো এবং ৩৫ বছর বয়সী ওদোয়ো ২০১১ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে ঘরোয়া লিগে তারা এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং এ মৌসুমে ওয়ার্ল্ড ক্রিকেট লীগে বাজে পাফরমেন্সের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া কেনিয়া। ক্রিকেট কেনিয়ার এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘পুনরায় প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে কেনিয়া দলে এই মুহুর্তে অভিজ্ঞ নেতৃত্ব খুবই প্রয়োজন। দলের তরুণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে আমরা টিকোলো এবং ওদোয়োকে পুনরায় দলে ডাকার সিব্ধান্ত নিয়েছি। নাইরোবি ক্রিকেট লীগে উভয় খেলোয়াড়ই ভাল স্কোর করছে।’
বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ টি-২০ বিশ্বকপ খেলার জন্য আগামী ১৫-৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে মোট ১৬টি দল বাছাইপর্ব খেলবে। এখান থেকে ৬টি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
