শ্রীলংকা সফরে যাচ্ছেন না ম্যাককালাম, টেলর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৬
আগামী মাসের শ্রীলংকা সফরের জন্য সিনিয়র ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম এবং রস টেলরকে বাদ দিয়ে নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে নিজেদের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিতেই এদের বাদ দেয়া হয়েছে বলে নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক ব্রুস এডগার জানিয়েছেন। ম্যাককালাম ও টেলর বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে যাবেন। নভেম্বরের শুরুতে শ্রীলংকা সফরে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দিবেন ২৩ বছর বয়সী কেন উইলিয়ামসন। এই সফরে নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে এবং দুটি টোয়েন্টি-২০ ম্যাচ খেলবে। এ প্রসঙ্গে এডগার জানিয়েছেন, গ্রীষ্ম মৌসুমে নিজেদের সেরা খেলা উপহার দেবার জন্য টেলর ও ম্যাককালামের লাল বলে প্রস্তুতির প্রয়োজন রয়েছে। টেলর এবং ম্যাককালাম ক্রিকেটের তিন ঘরানাতেই খেলে থাকেন। তাই এডগার জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ এবং পরবর্তীতে ভারতের বিপক্ষে ৩৭ দিনের দীর্ঘ ক্রিকেট সূচীতে নিজেদের মানিয়ে নেবার জন্য অভিজ্ঞ এই খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন রয়েছে। আগামী ৩ ডিসেম্বর ডানেডিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবার আগে ম্যাককালাম এবং টেলর ঘরোয়া ক্রিকেটে খেলবেন। অপরদিকে উইকেটরক্ষক লিউক রোচি এবং পেস বোলার ইয়ান বাটলারের শ্রীলংকা সফরে দলের সাথে যোগ দেবার কথা রয়েছে। বাসস/এএফপি নিউজিল্যান্ড দল কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ইয়ান বাটলার, অ্যান্টন ডেভচিচ, গ্র্যান্ট এলিয়ট, টম ল্যাথাম, মিশেল ম্যাকক্লেনগান, ন্যাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কোলিন মুনরো, জেমস নিশাম, লিউক রোচি, হামিশ রাদারফোর্ড। সূচী ১০ নভেম্বর : প্রথম ওয়ানডে, হামবানটোটা ১২ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে, হামবানটোটা ১৬ নভেম্বর : তৃতীয় ওয়ানডে, ডাম্বুলা ১৯ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি, ক্যান্ডি ২১ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, ক্যান্ডি