ঝিনাইদহে ব্যাংকের ৭২ লাখ টাকা লুট ও খুনের কিনারা হয়নি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৭
ঝিনাইদহের কালীগঞ্জ ইসলামী ব্যাংক শাখার নিরাপত্তা প্রহরী আইয়ুব আলিকে খুন করে ৭২ লাখ টাকা লুটের ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও কোন কিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর থানার ওসি লিয়াকত আলিকে বদলি করা হয়েছে। ১৭ অক্টোবর রাতে ব্যাংকের নিরাপত্তা প্রহরী আইয়ুব আলিকে হত্যা করে ব্যাংকের ভোল্ট নাইট্রিক অ্যাসিড দিয়ে ভেঙ্গে ৭২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। কালীগঞ্জ থানার ওসি মনিরউদ্দিন মোল্লা জানান, ব্যাংকের উপরতলায় বিসমিল্লাহ কনজুমার কোম্পানি নামের ভাড়াটিয়ারা এ ডাকাতি করেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মিজানুর রহমান নামে যে ব্যক্তি কোম্পানির কর্তা সেজে ঘর ভাড়া নিয়ে ডাকাতির নেতৃত্ব দেয় তার খোঁজ করছে পুলিশ। তবে পুলিশের ধারণা সে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছিল। ডাকাতির ফন্দি এঁটেছিল অনেকদিন আগে থেকে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানিয়েছেন ডাকাতরা পেশাদার ও দক্ষ ছিল। ব্যাংকের নিচতলার এটিএম শাখার নৈশপ্রহরী ইব্রাহিম আলি বলেন, ওইদিন রাত ৯টায় ৫ জনের ডাকাত দল ব্যাংকের ভিতর ঢুকেছিল। নিহত নিরাপত্তা প্রহরী আইয়ুব আলি গেট খুলে দেন।