চেলসি ও ম্যান সিটির ‘বড়ো ম্যাচ’ আজ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৭
চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের অন্যতম আকর্ষণীয় খেলায় আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। কোচ হোসে মরিনহোর দল নিজেদের মাঠে চলতি মৌসুুমের চারটি ম্যাচেই জিতেছে। এই চার ম্যাচে মোট ১০টি গোল করেছে চেলসি। অপরদিকে লিগের ২০১১-২০১২ মৌসুমের চ্যাম্পিয়ন সিটি লন্ডনের ক্লাবটির বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচটি খেলাতেই অপরাজিত থাকে। এর মধ্যে চারটিতেই তারা জয়ী হয়েছে। গত সপ্তাহে কার্ডিফ সিটির বিপক্ষে খেলায় রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহো অসদাচরণের দায়ে অভিযুক্ত হন। এই অপরাধের জন্য চেলসি কোচ মাঠের ধারে নিষিদ্ধ না হলেও তাকে জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত খেলাটিতে কার্ডিফ সিটির বিরুদ্ধে ৪-১ গোলে জয়ী হয় চেলসি। চেলসি এ মৌসুমে লিগে যে আটটি খেলায় অংশ নিয়েছে তার মধ্যে কেবল একটিতে পরাজিত হয়। এভারটনের মাঠে সে খেলায় ব্লুজরা ১-০ ব্যবধানে হেরেছিল। তার পরের সাত ম্যাচেই অপরাজিত তারা। ফলে পয়েন্ট টেবিলে এখন দলটি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে। তাদের সামনে আছে আর্সেনাল। সিটির মুখোমুখি হওয়ার আগে চেলসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চারটি খেলায় জিতেছে। স্বাগতিকদের জন্য স্বস্তির খবর হলো পাঁজরের ইনজুরি সারিয়ে দলে ফিরছেন ইংল্যান্ড দলের লেফট্ ব্যাক অ্যাশলি কোল। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা মার্কো ভ্যান জিনকেল ছাড়া বাকি খেলোয়াড়দের দলে পাচ্ছেন পর্তুগীজ মরিনহো। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় শালকের বিপক্ষে দুই গোল করা ফার্নান্দো তোরেস এদিন প্রথম একাদশে খেলবেন। এছাড়া কার্ডিফ সিটির বিপক্ষে মৌসুমের প্রথম গোল পাওয়া স্যামুয়েল ইতোও দলে ফিরতে পারেন। ম্যানচেষ্টার সিটি গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সিএসকে মস্কোর মাঠে স্বাগতিকদেরকে ২-১ ব্যবধানে হারিয়েছে। নিজেদের সর্বশেষ ম্যাচে প্রতিপক্ষের মাঠের এই জয় স্টামফোর্ড ব্রিজে যাওয়ার আগে কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির দলকে বাড়তি মনোবল যোগাচ্ছে। তবে খেলাটিতে মিডফিল্ডার ইয়াইয়া তোরের বর্ণবাদী আচরণের শিকার হওয়া সিটির জয়কে ছাপিয়ে যায়। উয়েফা এই ঘটনা নিয়ে তদন্তও করছে। পেলিগ্রেনির দলটি লিগের আট ম্যাচে ২০ গোল করেছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে জিতেছে দলটি। তারপরও চেলসির বিপক্ষের ম্যাচটি সিটির জন্য কঠিন পরীক্ষা বলেই মনে করছেন মিডফিল্ডার সামির নাসরি। তিনি বলেন, ‘ওয়েস্ট হ্যাম এবং সিএসকে মস্কোর বিপক্ষের আগের দুটি ম্যাচের জয় আমাদেরকে এই ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। এটা সত্য যে লিগে নিজেদের মাঠের বাইরের ম্যাচে আমরা জয় পেয়েছি। কিন্তু চেলসির মাঠে জয় পাওয়া সহজ হবে না।’ চেলসির প্রশংসা করে এই মিডফিল্ডার বলেন, ‘আমার মনে হয় আগের মৌসুমের থেকে চলতি মৌসুমে চেলসি সুসংহত দলে পরিণত হয়েছে। তারা সব সময়ই বিপজ্জনক, বিশেষ করে মরিনহো ফেরার পর আরো বেশি। তাদের বিপক্ষে ভাল কিছু করতে হলে আমাদের সেরাটা ঢেলে দিতে হবে।’ চলতি মাসের প্রথম দিকে এভারটনের বিপক্ষের খেলায় পাওয়া উঁরুর ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সিটির অধিনায়ক ভিনসেন্ট কোমপেনি। ওই ম্যাচে সিটি এভারটনকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। কোম্পানি ছাড়া পেনিগ্রেনির দলের বাকি সবাই এ খেলাটির জন্য প্রস্তুত। এই ম্যাচে বিশেষ কিছু করে দেখাতে চাইবেন শেষ তিন ম্যাচে পাঁচ গোল করা সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। এছাড়া লিগের অপর তিন খোলায় মুখোমুখি হবে সান্ডারল্যান্ড ও নিউক্যাসেল ইউনাইটেড, সোয়ানসি সিটি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার ও হাল সিটি।