হকির দলবদলও স্থগিত

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১০
ফুটবলের মতো হকিতেও ‘রাজনৈতিক পর্যবেক্ষণ’ চলছে। দেশের বর্তমান পরিস্থিতিতে হকি খেলোয়াড়দের দলবদল কার্যক্রম শুরু করতে রাজী নয় বলে হকি ফেডারেশন তা স্থগিত করেছে। ২৯-৩১ অক্টোবর দলবদল হওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এরই মধ্যে হরতাল থাকায় ক্লাবগুলো সমস্যায় পড়েছে। আগামী ২ নভেম্বর লিগ কমিটির সভায় খেলোয়াড় দলবদলের নতুন সময় নির্ধারণ করা হবে। দলবদল পিছিয়ে যাওয়ায় লিগ যে সময়মতো হতে পারছে না সেটা নিশ্চিত। তবে দলবদল নিয়ে ক্লাবগুলোর মধ্যে রয়েছে বিভক্তি। কিছু কিছু ক্লাব হকি ফেডারেশনের অধীনে খেলতে নারাজ। তবে প্রিমিয়ার হকি লিগের ১১ ক্লাবের মধ্যে সাতটি ক্লাব আবাহনী, ঊষা, সোনালী ব্যাংক, অ্যাজাক্স, সাধারণ বীমা, আজাদ এবং ওয়ান্ডারার্স দলবদলের প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, মেরিনার, বাংলাদেশ স্পোর্টিং এবং ওয়ারী ক্লাব ফেডারেশনের বর্তমান কমিটির তত্ত্বাবধানে কোনো প্রতিযোগিতায় অংশ না নেয়ার সিদ্ধান্তে অটল।