আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের জন্য নির্মিতব্য একটি স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ঘটনাটিতে খুব একটা বড় কোন ক্ষতির কারণ হয়নি বলেই স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে পানটানাল এরিনাতে শুক্রবার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তা নির্মাণ ক্রু এবং অগ্নি নির্বাপক কর্মীদের সহায়তায় দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই দুর্ঘটনা প্রকল্পের কাজের অগ্রগতিতে কোন বাঁধা সৃষ্টি করতে পারেনি। স্টেডিয়ামের ছাদে পলিস্ট্রেইন জাতীয় পদার্থ থেকেই আগুনের সূত্রপাত। বিশ্বকাপের সংষ্কার ও নির্মাণকৃত ১২টি ভেন্যুর মধ্যে পানটানাল এরিনা একটি যা ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় শহর কুইয়াবাতে অবস্থিত। স্টেডিয়ামটির প্রায় ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
