টেস্টের পর আগামীকাল থেকে শুরু ওয়ানডে’র লড়াই। আর টেস্টে ভাল খেলার পর এবার বাংলাদেশ ওয়ানডে ম্যাচগুলোতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়। গতকাল রবিবার দলের অনুশীলনে এমনটাই জানালেন দলের অন্যতম মূল সদস্য মাশরাফি বিন মুর্তজা।
গতকাল সকালে অনুশীলন করার কথা থাকলেও হরতালের কারণে শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে নিউজিল্যান্ড। দুপুর তিনটা থেকে অনুশীলন করে বাংলাদেশ। রাতে ফ্লাড লাইটের আলোতেও চলে অনুশীলন। টেস্টে যাই হোক না কেন ওয়ানডেতে বাংলাদেশ ঘরের মাটিতে প্রতিষ্ঠিত শক্তি। অন্তত পরিসংখ্যান তাই বলছে। গত ২০১২ সালের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়, এরপর শ্রীলংকার মাটিতে ১-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ ড্র। আর প্রতিপক্ষের নাম যখন নিউজিল্যান্ড তখন আরও একধাপ এগিয়ে থাকবে। কারণ তাদের সাথে ২১টি ওয়ানডে ম্যাচ খেলে এখন পর্যন্ত পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। আর শেষ চারটি ম্যাচের সবগুলোতেই জয়ী বাংলাদেশ। তাই ঘুরে ফিরেই চলে আসছে সেই স্মৃতি। সেটা মাথায় রেখেই অনেকদিন পর দলে ফেরা মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘হ্যা সেটা অবশ্যই মনে আছে। তবে, টেস্ট আর ওয়ানডে সম্পূর্ণ আলাদা। এখানে সময় অনেক কম। আমাদের সবাইকে নিজেদের সেরা খেলা দিয়েই ওদের বিপক্ষে লড়াই করতে হবে।’
টেস্ট র্যাংকিংয়ে কিউইদের চেয়ে পিছিয়ে থেকেও সমান তালে লড়াই করে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে সেই ম্যাচটি ড্র হলেও শেষ পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশই। এবার সেই পারফরম্যান্স ধরে রাখার পালা। মাশরাফিও বেশি গুরুত্ব দিচ্ছেন সেদিকেই। দলের অন্যতম সিনিয়র তারকাটি বলেন, ‘টেস্ট সিরিজটা আমাদের জন্য অনেক ভাল ছিল। দলের অনেক খেলোয়াড়ই ভাল পারফরম্যান্স করেছেন। এখন ওয়ানডে সিরিজে আমাদের সেটারই পুনরাবৃত্তি করতে হবে। আমাদের ভাল খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই ওদের হারাতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের পর থেকেই মাঠের বাইরে দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। এর মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক বছর ধরে অনুপস্থিত নড়াইল এক্সপ্রেস। তবে তিনি আবারও ফিরে এসেছেন। আর সবকিছু ঠিক থাকলে আগামীকালের ম্যাচে দলের পেস আক্রমণের নেতৃত্বে দেখা যাবে তাকেই। অনেকদিন পর দলে ফিরে কি কিছুটা চাপ বোধ করছেন কিনা? এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘না, চাপ ঠিক না। ঘরের মাঠে খেলা। অনেকদিন পর খেললেও আমি খেলার মধ্যেই ছিলাম। তাই আন্তর্জাতিক ক্রিকেটে একটু চাপ থাকবেই।’
নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, ‘ভাল করার চেষ্টা করবো। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করার চেষ্টা করবো। আর সব শেষে দলের জয় তো অবশ্যই আমাদের সবারই চাওয়া।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তাই আপাতত এই দুই ম্যাচেরই স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। মূলত কন্ডিশন আর উইকেটের ধরন বিবেচনা করেই স্কোয়াড দেয়া হয়েছে বলে জানালেন নির্বাচক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সেক্ষেত্রে ফতুল্লা’র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচে দলে কিছু পরিবর্তন আসারও আভাস দিলেন তিনি, ‘কন্ডিশনের কথা মাথায় রেখে দুটি ম্যাচের দল দেয়া হয়েছে। ফতুল্লায় কিছু পরিবর্তনও আসতে পারে।’
