নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরু থেকে ঘুরে ফিরেই আসছিল আগের সিরিজের ৪-০ ব্যবধানে হোয়াইট ওয়াশের স্মৃতি। সেটা একদিক থেকে যেমন বাংলাদেশকে এগিয়ে রাখছে, অন্যদিকে বড় একটা চাপের কারণও বটে; কিন্তু দলের সদস্য শামসুর রহমান শুভ জানালেন, ৪-০ দলের উপর চাপ সৃষ্টি করবে না।
টেস্টের পারফরম্যান্সকে কিভাবে দেখছেন?
শুভ: টেস্ট সিরিজটা আমরা অনেক ভাল খেলেছি। ওয়ানডেতেও যেন ভাল খেলতে পারি সেই চেষ্টাটাই করবো। টেস্টের ধারাবাহিকতা ওয়ানডেতেও ধরে রাখার চেষ্টা করবো।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজেই ৪-০ ব্যবধানে জিতেছেন। সেই দলের অনেকেই এখন আছেন দলে। আপনাদের মধ্যে এব্যাপারে কথা হয়?
শুভ: হ্যাঁ শেষ সিরিজে আমরা ওদেরকে হোয়াইট ওয়াশ করেছিলাম; কিন্তু সেই সিরিজের অনেকদিন হয়ে গেছে। ওটা আমাদের জন্য অতীত। এখন আমরা নতুন করে শুরু করতে চাই। আগামীকাল থেকে সিরিজ শুরু। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাল খেলতে চাই।
ব্যক্তিগত দিক থেকে সিরিজটাকে কিভাবে দেখছেন?
শুভ: সবাই ব্যক্তিগত ভাবে ভাল খেলার চেষ্টা করে। আমিও সেটাই করবো। ১১ জনে দলে সুযোগ পেলে নিজের সেরা খেলাটা খেলার চেষ্টা করবো। তার থেকেও বড় কথা দলের সবাইকেই ভাল খেলতে হবে।
খেলবেন কি না সেই ব্যাপারে কিছু বলা হয়েছে?
শুভ: না, এখনো এই ব্যাপারে কিছু জানি না। টিম মিটিং হলে জানতে পারবো। এটা সম্পূর্ণই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এখন পর্যন্ত জানি না কি হবে।
বার বার ৪-০ সিরিজের কথা আপনাদের মনে করিয়ে দেয়া হচ্ছে। সেটা কি আপনাদের চাপ সৃষ্টি করছে?
শুভ: না, ৪-০ আমাদের জন্য চাপ নয়। আমরা অনেকদিন ধরেই পত্র-পত্রিকায় এই নিয়ে অনেক লেখালেখি দেখছি। আমার কাছে মনে হয় না, বাংলাদেশ দলের জন্য এটা কোন চাপ সৃষ্টি করবে।
আগে একটা টি-টোয়েন্টি খেলেছেন। এবার ওয়ানডে দলে আছেন। ভবিষ্যতে কি টেস্ট দলে ডাক পাওয়ার আশা করছেন?
শুভ: জি অবশ্যই। টেস্ট দলে খেলতে কে না চায়! আমার জন্য একটা বড় সুবিধা হলো যে, আমি না খেললেও অনেকদিন ধরে দলের সাথে আছি। এর ফলে সহজেই আন্তর্জাতিক ক্রিকেটটা বুঝে ওঠা যায়। আমিও সেটাই করছি। নিজের মধ্যে একটা লক্ষ্য নির্ধারণ করে নিয়েছি।
সাধারণত তো ওপেন করেন; কিন্তু, এই দলে তো এনামুল হক বিজয় আছেন। দলে জায়গা পাওয়াটা কি সহজ হবে?
শুভ: আসলে এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের ব্যাপার। (এনামুল হক ) বিজয় ওয়ানডেতে নিয়মিত পারফর্ম করছে। তাই সুযোগটাও আমার আগে পাবে। আমি দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছি। এখন দল অন্য কোন জায়গায় ব্যাট করতে বললে সেটা দলের প্রয়োজনেই করবো। আসলে এটা সম্পূর্ণই দলের সিদ্ধান্ত। তবে, যেভাবেই সুযোগ পাই না কেন ভাল খেলার চেষ্টা করবো। নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে সব সময়।
এই মাঠে আপনার ভাল কিছু স্কোর আছে। সেটা কি এখানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে?
শুভ: হ্যাঁ তা তো বটেই। যেকোন ভাল ইনিংসই খেলোয়াড়দের অনুপ্রেরণা দেয়। সুযোগ পেলে সেটা তো অবশ্যই মনে থাকবে। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।
অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন। বাংলাদেশ ক্রিকেটে কি এর মধ্যে কোন পরিবর্তন দেখছেন?
শুভ: হ্যাঁ পরিবর্তন তো আছেই। এখন সবাই অনেক ধারাবাহিক পারফর্ম করছে। দল নতুন অনেক পারফরমার পেয়েছে। এটা অবশ্যই দলের জন্য ভাল।
