বেলের সমর্থনে মাদ্রিদ কোচ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:১৩
বিশ্বের সবচাইতে দামি ফুটবলার গ্যারেথ বেল নিজের প্রথম এল ক্ল্যাসিকোতে সুবিধা করতে না পারলেও রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোত্তি তার সমর্থনে এগিয়ে এসেছেন। গত শনিবার রাতে অনভ্যস্ত পজিশনে স্ট্রাইকার হিসেবে খেলতে নামেন ২৪ বছর বয়সী এই উইঙ্গারটি এবং সুবিধা করতে পারেননি। পরে ঘণ্টার মাথায় তাকে মাঠ থেকে তুলে নিয়ে করিম বেনজেমাকে নামান অ্যানচেলোত্তি। এ প্রসঙ্গে মাদ্রিদ কোচ বলেন,‘সে ভাল খেলেছে। সে যতক্ষণ মাঠে ছিল খারাপ খেলেনি।’ বেল চলতি গ্রীষ্মে টটেনহ্যাম থেকে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে সাড়ে আট কোটি পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন। কিন্তু পা এবং উরুর ইনজুরি তাকে ঠিকমতো খেলতে দিচ্ছে না। অ্যানচেলোত্তি তাকে স্ট্রাইকার হিসেবে খেলানো প্রসঙ্গে বলেন, ‘ডানে না মাঝখানে খেললো এতে খুব বেশি হেরফের হয় না। আমি সের্জিও বাসকোয়েটকে আরো চাপে রাখতে সেভাবে শুরু করেছিলাম। কিন্তু ২০ মিনিট পর তাকে আরো বেশি জায়গা করে দিতে উইংয়ে নিয়ে আসি।’ নিজের প্রথম এল ক্ল্যাসিকোতে রোনালদোর পেনাল্টি প্রসঙ্গেও কথা বলেন এই ইতালীয়। তার মতে, খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে রোনালদোর পড়ে যাওয়ার ঘটনায় পেনাল্টি দেয়া উচিত ছিল। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমার কাছে এটা ছিল পরিষ্কার পেনাল্টি। আমি মনে করি সবাই এটা দেখেছে। কেবল যে ব্যক্তিটি এটা দেখেনি সে হলো রেফারি।’