প্ল্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার বিকালে রাজশাহীতে সংগঠকদের নিয়ে ওয়ার্কশপ আয়োজন করেছিল বাফুফে। মহিলারা সমাজে কিভাবে নিজের অবস্থান দৃঢ় করবেন, কিভাবে মহিলা ফুটবল উন্নয়নের জন্য কাজ করবেন, কিভাবে মেয়েরা নেতৃত্ব দেবেন এবং সমাজের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করাসহ নানাবিধ আলোচনা হয়েছে ওয়ার্কশপে। যেখানে নারী-পুরুষ সমানভাবে নিজেদের মত প্রকাশ করেছেন মতামত দিয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা ও তাদের স্ত্রীরা, প্ল্যান বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের অভিভাবক, ব্যাংকার, রাজশাহীর মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। প্ল্যান বাংলাদেশকে পাশে নিয়ে বাফুফে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অডিটরিয়ামে আয়োজিত ওয়ার্কশপ চলে এক ঘণ্টা। সব শেষে মহিলা ফুটবলের জন্য বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ফুটবল তুলে দেন।
