বাংলাদেশের ফুটবল ইতিহাসে খেলোয়াড় দলবদলের এমন বিবর্ণ চিত্র আর কখনো দেখা যায়নি। পেশাদার ফুটবল লিগের খেলোয়াড় দলবদলের ৬৩ দিন অতিক্রম করলেও গতকাল পর্যন্ত একজন ফুটবলার রেজিষ্ট্রেশন হয়নি।
২৬ আগস্ট শুরু হয়েছে খেলোয়াড় দলবদল। এরই মধ্যে সময়ও বৃদ্ধি করা হয়েছে। তারপরও খেলোয়াড় রেজিষ্ট্রেশন করায়নি কোনো দল। ৩১ অক্টোবর দলবদলের সময় শেষ হবে। হাতে আছে আর মাত্র তিন দিন। কিন্তু দলবদলের পালে হাওয়া লাগেনি। এদেশের ফুটবলে এমন চিত্র ছিল না। পেশাদার লিগ প্রবর্তন করার পর খেলোয়াড় রেজিষ্ট্রেশনের পদ্ধতিটিও পরিবর্তন হয়ে গেছে।
একটা সময় ছিল যখন খেলোয়াড়দের বাফুফের লিগ কমিটির অফিসে সশরীলে উপস্থিত হতে হতো। পেশাদারী ফুটবলে সেটা নেই। খেলোয়াড় যেখানেই থাকুক না কেন তিনি স্বাক্ষর করে দিলেই চুকে গেল। ক্লাব কর্মকর্তা নির্ধারিত ফরম বাফুফেতে জমা দিলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন, যদি কেউ আপত্তি না তোলে। কিন্তু পেশাদারি প্রথা প্রবর্তনের পরও এমন চিত্র দেখা যায়নি গত একটি মৌসুমেও। লিগের ১০টি ক্লাবের একজন ফুটবলার রেজিষ্ট্রেশন করানো হবে না এই ৬৩ দিনে ! একেবারেই উত্তাপ থাকবে না এ যেন অবিশ্বাস্য। কিন্তু কেন ? বাফুফে মনে করছে রাজনৈতিক পরিস্থিতির আশংকা করে অনেকই খেলোয়াড় রেজিষ্ট্রেশন করায়নি। শেষ দিনের আগেই হয়ে যাবে। একথার চেয়েও বড় বিষয় হচ্ছে কয়েকজন ফুটবলার এক ক্লাব থেকে টাকা নিয়ে অন্য ক্লাবে যোগ দেয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। শেখ রাসেলের জাহিদ, নাহিদ, মামুন মিয়া, মোহামেডানের কাছ থেকে টাকা নিয়েও রাসেলে রয়ে গেছেন। মোহামেডানের শরিফুল দলে থাকার জন্য আগাম টাকা নিয়েও আবাহনীতে যোগ দিয়েছেন। রাসেলের স্ট্রাইকার মিঠুন চৌধুরি আবাহনীর কাছ থেকে টাকা নিয়ে রাসেলে থেকে গেছেন। শেখ জামালের শাকিল মোহামেডানের কাছে থেকে টাকা নিয়ে শেখ রাসেলে যোগ দিয়েছেন বলে অভিযোগ। এই সব জটিলতা নিরসনে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বৈঠক করেও সুরাহা করতে পারেনি। মোহামেডান, আবাহনী, শেখ জামাল অপেক্ষায় রয়েছে, খেলোয়াড় জটিলতা নিরসনে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় তা দেখার জন্য। মূলত এই সব কারণে লিগের প্রায় সব ক্লাবই গভীর পর্যবেক্ষণ করছেন বলে খেলোয়াড় রেজিষ্ট্রেশনের খাতা খুলতে পারেনি বাফুফে। জটিলতা নিরসনে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিও কোনো সিদ্ধান্ত না দিয়ে অপেক্ষায় রয়েছে অভিযুক্ত ফুটবলারদের নাম জমা পড়ুক এবং তাদের বিরুদ্ধে আপত্তি তোলা হলেই বিষয়টি নিয়ে বসবেন কমিটির কর্মকর্তারা। মোহামেডান ছাড় দিতে নারাজ, আবাহনী বলেছে আগে নাম জমা পড়ুক তারপর দেখব। খেলোয়াড় রেজিষ্ট্রেশনের ব্যাপারে মোহামেডান কাল জানিয়েছে তারা শেষ দিনেই করে ফেলবে। আবাহনীরও একই কথা, শেষ দিন বৃহস্পতিবার করব। শেখ রাসেলও শেষ দিনে কিংবা একদিন আগে সম্পন্ন করতে পারে রেজিষ্ট্রেশন। শেখ জামাল ধানমিন্ড ক্লাব বুধবার রেজিষ্ট্রেশন করাবে বলে জানিয়েছে। অন্যান্য ক্লাবও এর মধ্যেই তাদের রেজিষ্ট্রেশন শেষ করবে।
