লালমনিরহাটের কালীগঞ্জে অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত ‘অন্বেষা কাপ ৩৫ ঊর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা গত রবিবার রাতে স্থানীয় করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী একাদশ ও কালীগঞ্জ থানা ওসি একাদশ অংশ নেয়। খেলায় ওসি একাদশ অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী একাদশকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ খেলার বিশেষত্ব হল, প্রতিটি দলে ৫ জন করে খেলোয়াড় খেলেন, কোন গোলরক্ষক নেই, গোলপোস্টের মাপ ৫ ফুট বাই সাড়ে ৩ ফুট, নেই থ্রোয়িং ও কর্নার, খেলার সময় ৬০ মিনিট। সাইড লাইন ও গোল লাইন পার হলে ফ্রি কিক। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ওসি একাদশের খেলোয়াড় আব্দুর রহমান ও সেরা গোলদাতা নির্বাচিত হন কাকিনা একাদশের হেমন্ত।
