যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন নজরদারি কর্মসূচির বিরুদ্ধে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শনিবার ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদকারীরা। সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের দেয়া নথিতে এ গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস হয়ে যায়। —খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের।
‘গণগুপ্তচরবৃত্তি বন্ধ করুন’, ‘ধন্যবাদ, এডওয়ার্ড স্নোডেন’ লেখা প্রতীক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অনলাইন নজরদারি কর্মসূচি নিয়ে ক্যাপিটলের পাদদেশে সমবেত হয় তারা। প্রতিবাদ মিছিলে অংশ নেয়া মানুষের সংখ্যায় হেরফের ছিল। আলোচকরা ২ হাজার মানুষের অংশ নেয়ার কথা বলেছেন। নাগরিকদের ওপর সরকারের গুপ্তচরবৃত্তি অবৈধ আখ্যা দিয়ে রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও বিক্ষোভে অংশ নেন। এক বিক্ষোভকারী বলেন, আমি নিজেকে একজন সংরক্ষণবাদী বলে মনে করি এবং কোনো সংরক্ষণবাদী চান না সরকার তাদের ওপর গোয়েন্দাগিরি করে তথ্য সংগ্রহ করুক, তা সংরক্ষণ করুক কিংবা ব্যবহার করুক।
আরেকজন বিক্ষোভকারী বলেন, গত কয়েকমাসে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অজান্তে ব্যাপকহারে নজরদারি এবং গোপনীয়তা ভঙ্গের বিষয়ে এত বেশি কিছু শুনেছি যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলার জন্য কংগ্রেসকে বলা প্রয়োজন।
