সোমবার বেইজিং এর তিয়ানআনম্যান স্কয়ারে ফুটপাতে গাড়ি উঠিয়ে দেয়ায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় জিনজিয়াং এর দুই ব্যক্তিকে সন্দেহ করছে চীনের কর্তৃপক্ষ। সন্দেহভাজন জিনজিয়ান প্রদেশের দুই ব্যক্তির ব্যাপারে তথ্য চেয়ে বেইজিং-এর হোটেলগুলোর কাছে নোটিস পাঠায় কর্তৃপক্ষ।
ফুটপাতে উঠিয়ে দেয়ার পর গাড়িটিতে আগুন লেগে গাড়ির তিন আরোহীসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৮ জন। গাড়ির তিন আরোহী বাদে নিহত বাকি দু’জনের মধ্যে একজন ফিলিপাইনের নারী পর্যটক ও অপরজন চীনের গুয়াংডং প্রদেশ থেকে আগত এক পুরুষ পর্যটক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত একটি গাড়ি হঠাত্ মোড় নিয়ে ফুটপাতের ওপর উঠে পড়ে লোকজনকে চাপা দেয়। এর পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। তিয়ানআনম্যান স্কয়ারে টাঙানো গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে নড়ের বিশাল ছবির সামনের জায়গায় এ ঘটনা ঘটে। তিয়ানআনম্যান স্কয়ারের উত্তরপাশের এই জায়গাটির পাশেই বেইজিংয়ের বিখ্যাত ‘নিষিদ্ধ শহরের’ প্রবেশ পথ।
আহতদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা থাকার কথা জানিয়েছে সিনহুয়া। চীনা সরকার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করে কিনা, এমন প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়িং বলেন, ঘটনার বিষয়বস্তু সম্পর্কে তিনি জানেন না তাই এ বিষয়ে কোনো মন্তব্যও করতে পারবেন না। গাড়িটি ভীড়ের মধ্যে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে।
