ডেঙ্গু আক্রান্ত সাকিব

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:৫৮
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ, নাকি সাকিব আল হাসান; কোন নামটা বেশি আতঙ্কের, সেটা নিয়ে তর্ক হতে পারে। ২০১০ সালে এই সাকিবই প্রায় একা হাতে ৪-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করে ফেরত পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডকে। অথচ ভাগ্যের কী পরিহাস! সেই সাকিব আল হাসান সম্ভবত এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচও খেলতে পারবেন না। গত পরশু সোমবার গভীর রাতে অনেক জ্বর বেড়ে যাওয়ায় দ্রুত হোটেল থেকে রাজধানীর অভিজাত এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাকিবকে। হাসপাতালে পরিস্থিতির উন্নয়ন না হওয়ায় গতকাল ম্যাচে খেলতে পারেননি। আর গতকাল রাতে বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, সাকিবের ডেঙু ধরা পড়েছে। যদিও সাকিবকে এই ডেঙুর ফলে কতোদিন কী মাঠের বাইরে থাকতে হবে, সে সম্পর্কে বিসিবির কেউ মুখ খুলতে রাজী নন। তবে ডেঙু বলেই সংশ্লিষ্টরা অনুমান করছেন, তার পক্ষে দ্রুত মাঠে ফিরে সিরিজের বাকী দু ম্যাচ আর খেলা সম্ভব হবে না। গত বেশ কিছুদিন ধরেই শরীরটা সাকিবের ভালো আচরণ করছে না। ক্লান্তিজনিত ইনজুরিতে মিস করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং শ্রীলঙ্কা সফর। এরপর অসুস্থতা নিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ফিরলেন। পরে আবার ক্যারিবিয় প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আঙুলের ইনজুরি নিয়ে ফিরলেন। ফলে প্রিমিয়ার লিগের শুরুটা খেলা হল না। অবশেষে একটু ক্লান্ত হলেও মাঠে ফিরেছিলেন এই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেই। সেখানে ফর্মেও ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ফিফটি করে, ইনিংসে ৫ উইকেট নিয়ে। কিন্তু আপাতত সেই সাকিবকে আবার মিস করছে বাংলাদেশ। জ্বর ছিল তার ক দিন ধরেই। এই জ্বর বেড়ে যাওয়াতেই সোমবার অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তখন অধিনায়ক আশা শুনিয়েছিলেন, ম্যাচের আগে সুস্থ হয়ে যাবেন সাকিব। কিন্তু রাতেই তাকে হাসপাতালে নিতে হল। আর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বিভব সিং বলেছেন, আরও হাসপাতালে থাকতে হবে সাকিবকে, ‘রক্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, সাকিবের ডেঙু জ্বর হয়েছে। আরও পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে।’