চলে গেলেন শেখ সালাউদ্দিন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:১২
চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শেখ সালাউদ্দিন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। গতকাল মঙ্গলবার সকালে খুলনায় একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বাংলাদেশ দলের হয়ে খেলা এই সাবেক অফস্পিনার। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি এ ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন তিনি। গতকালই খুলনায় মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় খুলনা জেলা স্টেডিয়ামে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর গ্রামের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। রাজাপুর অগ্রদূত ক্লাবের মাধ্যমে ক্রিকেট খেলা শুরুর পর ১৯৯০ সালে জাতীয় দলে যোগ দেন সালাউদ্দিন। জাতীয় দলের হয়ে ছয়টি ওয়ানডে খেলে চার উইকেট পাওয়া সালাউদ্দিন সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভলপমেন্ট কোচ ও ক্ল্যাসিক ক্রিকেট একাডেমির সাথে যুক্ত ছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে ১৯৯৭ সালের ২২ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ৪৮ রান নিয়ে নেয়া দুইটি উইকেটই তার সেরা পারফরম্যান্স। সেই ম্যাচেই আউট করেছিলেন সনথ জয়সুরিয়া ও অর্জুনা রানাতুঙ্গাকে। এশিয়া কাপের টুর্নামেন্টটি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন খুলনার এই স্পিনার। ১৭ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তার ওয়ানডে অভিষেক ঘটে। সেই ম্যাচে ৫০ রান দিয়ে পেয়েছিলেন একটি উইকেট। মাত্র এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রান করেছিলেন ২৪টি। সে বছরই ১৫ অক্টোবর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও ঘরোয়া লিগে খেলে গেছেন ২০০৬-০৭ মৌসুম পর্যন্ত। ২০০১ থেকে ২০০৬-০৭ সাল পর্যন্ত খেলেছেন খুলনা বিভাগীয় দলে। খেলোয়াড়ী জীবন শেষ করার পরও ছিলেন ক্রিকেট নিয়েই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিভিশনাল কোচের দায়িত্ব নিয়ে কাজ করেছেন খুলনায়। তার মৃত্যুতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের শুরুতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ।