‘আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশের নৈসর্গিক দৃশ্য পৃথিবীর মানুষ দেখবে। আমাদের পজিটিভ দিকগুলো বিশ্ববাসীর কাছে আমরা তুলে ধরতে পারি- আগামী শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিতব্য ম্যারাথন আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে বলছিলেন চিত্রনায়ক ফেরদৌস। বিগ বাংলা রানের ব্র্যান্ড অ্যাম্বেসেডর ফেরদৌস বলেন, কক্সবাজারে ম্যারাথন হলে সেখানকার প্রাকৃতিক শোভা আরো ব্যাপক পরিচিতি পাবে।’
দ্য বিগ বাংলা রানের আয়োজনে শুক্রবার সকাল সাতটায় সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১.১ কিলোমিটার দূরত্বের আন্তর্জাতিক মানের ম্যারাথন। ইফাদ হাফ ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের জন্য থাকছে এবার নগদ অর্থ পুরস্কার। ছেলে ও মেয়ে বিভাগে প্রথম স্থান পাওয়া দৌড়বিদ পাবেন এক হাজার মার্কিন ডলার। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন সাতশত এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন পাঁচশত ডলার। বিদেশ থেকে ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন ম্যারাথনে।
এছাড়াও অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে যারা ফিনিশিং লাইন অতিক্রম করতে পারবেন তারা সকলেই পাবেন একটি করে পদক। গতকাল দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন তলায় কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেরদৌস বলেন, গত আসরে দু’একজন পুরস্কারের অর্থ নির্ধারিত সময়ে পায়নি। সেটা এবার হবে না বলে আমরা নগদ অর্থ দিয়ে দিচ্ছি।’ ম্যারাথনে দেশি ও বিদেশি প্রায় দুই হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য বিগ বাংলা রানের চেয়ারম্যান আবিদুর রহমান শিমু, বিগ সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, কো-স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের অতিরিক্ত পরিচালক ও হেড অফ স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার। এছাড়াও বিগ বাংলা রানের সমন্বয়কারী ইংল্যান্ডের সাইমন লি ও পল টাওন্সলি উপস্থিত ছিলেন।
