রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে বিলাইছড়ি উপজেলা ২-০ গোলে কাউখালী উপজেলা একাদশকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। ৩১ অক্টোবর রাঙ্গামাটি সদরের বিরুদ্ধে ফাইনাল খেলবে এ উপজেলাটি।
বিলাইছড়ি উপজেলা গতকাল মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে কাউখালী উপজেলার পক্ষে রূপন চাকমা ও সুনীল কান্তি চাকমা গোল দুটি করেন। গোলশূন্য প্রথমার্ধের পর রূপন চাকমা ৪৮ মিনিটে দলকে এগিয়ে দেন।
এর পর কাউখালী উপজেলার খেলোয়াড়রা গোল পরিশোধ করতে মরিয়া হয়ে মাঠে খেলতে থাকে এবং বেশ কয়েকটি সুযোগ পেলেও বিলাইছড়ি উপজেলার রক্ষণ ভাগের খেলোয়াড়দের কারণে গোল করতে ব্যর্থ হয়। বরং ৮১ মিনিটে সুনীল কান্তি চাকমা বিলাইছড়ির পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় বেসরকারি মোবাইল কোম্পানি ‘রবি’ এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে।
খেলা পরিচালনা করেন শফিউল নিজাম। সহকারী রেফারি ছিলেন পূর্ণ কুমার ত্রিপুরা ও মোহাম্মদ করিম।
